তিনিও থাকছেন শাপেকোয়েনসে
হাতজোড়া ঠিকঠাকই আছে। এখনো গোলপোস্টে দাঁড়ালে হয়তো এতটুকুও কাঁপবে না। কিন্তু জ্যাকসন ফলম্যানের আর কখনো গোলপোস্টে দাঁড়ানো হবে না। বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা শাপেকোয়েনসের ‘সাবেক’ গোলকিপারের ডান পায়ের কিছু অংশ যে কেটে ফেলা হয়েছে।
তবে গোলপোস্টে না হোক, মাঠের কোনো পজিশনেই না হোক, শাপেকোয়েনস ক্লাবে আবারও ফিরছেন ফলম্যান। ব্রাজিলিয়ান ক্লাবটির এক্সিকিউটিভ ডিরেক্টর অব ফুটবল রুই কস্তাই নিশ্চিত করেছেন সেটি। কোন ভূমিকায়, সেটি অবশ্য এখনো জানা যায়নি।
কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাসিওনালের মাঠে কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগ খেলতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে শাপেকোয়েনস খেলোয়াড়দের বহনকারী বিমান। প্রায় পুরো দল, কোচসহ বাকি স্টাফদের হারানো শাপেকোয়েনস এখন চেষ্টা করছে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর। অন্যান্য ক্লাব, দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনও (কনমেবল) বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত। এখন শাপেকোয়েনস তাদের পরিকল্পনায় যুক্ত করছে ফলম্যানকেও।
ডিরেক্টর অব ফুটবল রুই কস্তা বলেছেন, ‘অনেক সন্তুষ্টি নিয়েই বলছি, ও (ফলম্যান) আমাদের সঙ্গে কাজ করবে। কখন, কীভাবে তা এখনো জানি না। তবে আমি ও আমার সহকর্মীরা যা জানি, তা হলো ও আমাদের সঙ্গে থাকবে। করুণা করে নয়, বরং ওর বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে চাই আমরা। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শারীরিক ও মানসিকভাবে ওর সুস্থ হয়ে ওঠা।’ গোলডটকম।