তিনে থেকেই খুশি নয়্যার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানুয়েল নয়্যার
ম্যানুয়েল নয়্যার

ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি নাকি ম্যানুয়েল নয়্যার? ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে ১২ জানুয়ারি পর্যন্ত। তবে তালিকার তৃতীয়জন সম্ভবত পুরস্কারের আশা একরকম ছেড়েই দিয়েছেন। মেসি-রোনালদোর তুলনায় নিজেকে যে অখ্যাতই মনে করেন নয়্যার!
বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষককে এই বছরটা দুই হাত ভরেই দিয়েছে। জার্মানির হয়ে জিতেছেন বিশ্বকাপ, ক্লাবের হয়ে ঘরোয়া লিগ তো আছেই। মেসি-রোনালদোর মতো গোল তো আর করতে পারবেন না, গোল ঠেকানোর কাজটা এ মুহূর্তে তাঁর চেয়ে খুব কম জনই ভালোমতো করতে পারেন। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি, ব্রাজিল কিংবদন্তি জিকোর মতো অনেকেই বলছেন পুরস্কারটা এবার নয়্যারেরই পাওয়া উচিত।
অথচ নয়্যারই নিজেকে অনেকটা বাতিলই করে দিচ্ছেন, ‘আমি ব্যালন ডি’অরের স্রেফ একজন প্রার্থী হতে পেরেই গর্বিত। অন্য দুজনের (মেসি ও রোনালদো) বৈশ্বিক পরিচিতি আছে। সেটা তাদের জন্য বাড়তি একটা সুবিধা হতেও পারে।’
পুরস্কার পান বা না-পান, গত বছরের একটা অতৃপ্তি এবার ঘোচাতে চান জার্মানির ২৮ বছর বয়সী গোলরক্ষক। ২০১২ সালে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় চেলসির কাছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরে গিয়েছিল বায়ার্ন। এবার ফাইনাল হচ্ছে জার্মানিরই বার্লিনে। যেটিকে নয়্যার দেখছেন সুযোগ হিসেবে, ‘আমরা নিজেদের মাঠে ট্রফি জেতার সুযোগটা হাতছাড়া করেছি। আমরা নিজেদের দেশে চ্যাম্পিয়নস লিগ জিতে আফসোসটা ঘোচাতে চাই।’
গুঞ্জন উঠেছিল, ২০১৬ ইউরোর পরে জার্মানির হয়ে গোলপোস্টের নিচে আর দাঁড়াতে না-ও পারেন। সেটা উড়িয়েই দিয়েছেন নয়্যার, ‘আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। যত দিন এক নম্বর পছন্দ আছি, তত দিন জার্মানির গোলপোস্টের নিচে দাঁড়াতে চাই।’ গোলডটকম।