তিনের গোলেই তৃপ্তি ত্রিমূর্তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি, সুয়ারেজ, নেইমার তিনজনের মুখেই পরশু ছিল গোলের হাসি l রয়টার্স
মেসি, সুয়ারেজ, নেইমার তিনজনের মুখেই পরশু ছিল গোলের হাসি l রয়টার্স

দুজন গোল পাচ্ছিলেন তো একজন পাচ্ছিলেন না। একসঙ্গে স্কোরলাইনেও নাম লেখানোটা তাই হচ্ছিল না ‘এমএসএনের’। সেই গেরোটা খুলল পরশু, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ গোলের জয়ে গোল পেলেন তিনজনই। তবে একজন গোল না পেলে বাকি দুজনও খুশি হতেন না! ভেতরের খবরটা দিয়েছেন স্বয়ং বার্সা কোচ লুইস এনরিকে।
শুনে নিশ্চয়ই একটু অবাক হয়েছেন। যত যা-ই হোক, নিজের গোল পাওয়াটাই দিন শেষে সবচেয়ে বড় তৃপ্তির। দল জয় পেলে অন্য কেউ গোল পেল কি না, সেটা নিয়ে মাথাব্যথাও থাকা উচিত নয়। কিন্তু মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীর তিনজনই এমনই হরিহর আত্মা হয়ে উঠেছেন যে, এনরিকের দাবি তাঁরা একে অন্যকে দিয়ে সব সময় গোল করাতেই চান, ‘যখন ম্যাচ জেতাটা নিশ্চিত হয়ে যায়, তারা অন্যকে দিয়ে গোল করানোর সুযোগ খোঁজে। এটাই ওদের জন্য স্বাভাবিক। তাদের বোঝাপড়া খুবই ভালো, সবাই গোল না পেলে তারা খুশি হয় না।’ এনরিকে পরশুর ম্যাচটাকে নিজের কথার প্রমাণ হিসেবে দেখাতে পারেন। ম্যাচের শেষ দিকে নেইমার চাইলে হ্যাটট্রিকের চেষ্টা করতে পারতেন। কিন্তু বক্সের ভেতরে দারুণভাবে ঢুকে বলটা মেসির পাতে একেবারে সাজিয়ে দিলেন। গোল না করে উপায় ছিল না মেসির!
গত মৌসুমেই তিনজন মিলিতভাবে ১২২ গোলের রেকর্ড গড়েছিলেন। পরশু আরেকটি মাইলফলক হয়ে গেছে, এক পঞ্জিকাবর্ষে ত্রয়ী হিসেবে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা আগে ছিল রোনালদো-বেনজেমা-হিগুয়েইনের (৮০)। এমএসএনের এই বছরে গোল এখনই ৮৪টি। এ নিয়ে অষ্টমবারের মতো একই ম্যাচে গোল পেলেন তিনজন। আর এ মৌসুমে মেসির চেয়েও যেন নেইমার-সুয়ারেজ উজ্জ্বল। লিগে এখন নেইমারের গোল ১৪টি, সুয়ারেজ ১২ গোল নিয়ে তাঁর ঠিক পরেই। ২০০৯ সালের পর এই প্রথম লা লিগার শীর্ষে বার্সেলোনার দুজন, অথচ সেখানে মেসি নেই!
বার্সেলোনাও ছুটছে দুরন্ত গতিতে, গত ৯ ম্যাচে তারা করেছে ৩২ গোল। অথচ এনরিকে এখনো যেন তৃপ্ত নন, ‘আমার মনে হয় না খেলোয়াড়েরা তাদের সেরাটা দিতে পেরেছে। গত মৌসুমে আমরা এর চেয়েও ভালো খেলেছি। আশা করি, সামনেই আমাদের সেরাটা দেখা যাবে।’ এএফপি।