তীব্র লড়াই, আছে চমকও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্নাফ রাব্বি,জুয়েল রানা,ইব্রাহিম
মান্নাফ রাব্বি,জুয়েল রানা,ইব্রাহিম

রুদ্ধশ্বাস উত্তেজনা, তীব্র লড়াই, দর্শনীয় গোল, দলীয় বোঝাপড়া। কোনোটিরই অভাব ছিল না প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বে। উপরন্তু এবার নবীনদের চোখকাড়া উপস্থিতি লিগটাকে দিয়েছে ভিন্নমাত্রা।
খেলোয়াড়দের প্রায় সবার মুখেই অভিন্ন একটা বাক্য শোনা যাবেই—‘এবার প্রিমিয়ার লিগের প্রথম পর্বে এত প্রতিদ্বন্দ্বিতা হবে ভাবিনি।’ দেশের সর্বোচ্চ ফুটবল লিগে কয়েক বছর ধরেই শিরোপার লড়াইয়ে থাকত তিন-চারটি দল। পরশু শেষ হওয়া এবারের প্রথম পর্বে ১১ দলের মধ্যে গায়ে গায়ে আছে ছয়টি!
লড়াইটা জমিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা, মোহামেডান ও ব্রাদার্স। এই দলগুলো শিরোপা জেতার জন্য দল গড়েনি। অথচ পয়েন্ট তালিকার সেরা পাঁচেই অবস্থান দল তিনটির। শিরোপার অন্যতম দাবিদার আবাহনীকে (১৭ পয়েন্ট) ছয়ে রেখে ব্রাদার্স ও মোহামেডান (২০) কিনা সমান পয়েন্ট নিয়ে দুইয়ে!
স্থানীয় তারকাদের নিয়ে অনেক বড় বাজেটের দল গড়েও চতুর্থ স্থানে থাকা শেখ রাসেলের (২০) ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে মুক্তিযোদ্ধা (১৯)। প্রথম পর্বের শেষ দিকে পিছিয়ে না পড়লে মুক্তিযোদ্ধার পয়েন্ট থাকত আরও বেশি। শীর্ষে থাকা শেখ জামাল (২৩) প্রথম পর্বে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে। এই ব্যবধানটা ঘুচিয়ে ২০ জুন শুরু দ্বিতীয় পর্বে হতে পারে অনেক কিছুই।
মামুনুল ইসলামও তেমন সম্ভাবনা দেখছেন। সদ্যই গত মৌসুমের সেরা খেলোয়াড়ের বাফুফে অ্যাওয়ার্ড পাওয়া শেখ জামাল মিডফিল্ডারের গায়ে প্রথম পর্বের উত্তাপ ভালোই লেগেছে, ‘প্রথম পর্বটা দুর্দান্ত হয়েছে। লড়াইই বেড়েছে অনেক। ভেবেছিলাম শেখ জামাল, আবাহনী, শেখ রাসেলই মূল ফাইটে থাকবে। এখন তো দেখছি মুক্তিযোদ্ধা, মোহামেডান ও ব্রাদার্সও চোখ রাঙাচ্ছে।’
আক্রমণাত্মক ফুটবল খেলেই এই দলগুলো উঠে এসেছে। আগের মতো রক্ষণে পাঁচ-ছয়জন দাঁড়িয়ে থাকছেন না, ঘরোয়া ফুটবলে এটা বড় পরিবর্তনই। মাঝেমধ্যে কোনো কোনো দল তিনজন স্টপার খেলালেও মূলত দুই স্টপারই খেলছে নিয়মিত। উইং ব্যবহার আগের চেয়ে বেড়েছে। আধুনিক ফুটবলের সঙ্গে তাল মিলিয়েই ওটা-নামা করছে দলগুলো। প্রথম চার ম্যাচে এই কাজটা খুব ভালোভাবে করে টানা জয় তুলেছিল মুক্তিযোদ্ধা। কোচ আবু ইউসুফ এর অন্য একটা দিকও দেখেন, ‘ছেলেদের মধ্যে জেতার আকাঙ্ক্ষাটাই জেগে ওঠা খুবই ইতিবাচক।’
দল হিসেবে মোহামেডান বিপ্লবই ঘটিয়ে দিয়েছে বলা যায়। এমনিতে নামে বড় দল, কিন্তু দলবদলের পর মোহামেডানকে ছয়-সাতেই রেখেছিলেন প্রায় সবাই। নবীন সব খেলোয়াড়, বিদেশিরা সাদামাটা। কোচ জসিমউদ্দিন জোসি এঁদের নিয়ে ‘রান্নাটা’ করছেন বেশ ভালো। নিজে অবশ্য কৃতিত্ব নিতে রাজি নন, ‘খেলোয়াড়দের মধ্যে প্রাণশক্তি প্রচুর। সেটিই আসলে আমি কাজে লাগাচ্ছি।’
আবাহনী ভালো পাসিং ফুটবল খেলছে, এটা সবারই মুখে ফিরছে। কিন্তু দলটির মূল সমস্যা স্কোরারের অভাব। কয়েক বছর ধরেই একই গল্প। কোচ জর্জ কোটানের মুখেও সেই ভাঙা রেকর্ড। তবে সামগ্রিকভাবে লিগ নিয়ে তাঁর পর্যবেক্ষণ, ‘দলগুলো আসলে কাছাকাছি মানের। এটাই বাংলাদেশের ঘরোয়া ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়েছে।’
চমকও আছে। তিন নবীন চোখ কেড়েছেন আলাদাভাবে। রহমতগঞ্জের জার্সি গায়ে শেষ মুহূর্তে বদলি হিসেবে চারটি গুরুত্বপূর্ণ গোল করেছেন মান্নাফ রাব্বি। সেটিও কার বিরুদ্ধে? চার বড় দল আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা । এর মধ্যে শেখ জামাল ছাড়া বাকি তিন ম্যাচেই পয়েন্ট পেয়েছে রহমতগঞ্জ। ইব্রাহিমের শেষ মিনিটের গোলে তো আবাহনীকে হারিয়েই দিয়েছে মোহামেডান। একই দলের জুয়েল রানা আক্রমণভাগে ধারাবাহিকভাবেই নিজেকে তুলে ধরেছেন। এঁরা তিনজন আগামীর খেলোয়াড় হওয়ার সামর্থ্য রাখেন। মান্নাফ বলছেন, ‘একাদশে নিয়মিত হতে চাই।’ জুয়েলের কথা, ‘জাতীয় দলের খেলার সুযোগ পেতে লড়ছি।’ ইব্রাহিমের চোখেও একই স্বপ্ন।
অভিজ্ঞতার ঝলকও দেখেছে প্রথম পর্ব। ১০ ম্যাচে ৯ গোল করে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এনামুল। কয়েক বছর পর নিজেকে ফিরে পেয়েছেন, জাতীয় দলেও ডাক পেয়েছেন। সাফল্যের কারণ হিসেবে এনামুল বলছেন, ‘মুক্তিযোদ্ধার কোচ, কর্মকর্তা সবার উৎসাহেই ফিরতে পেরেছি। তা ছাড়া এবার লিগের মধ্যে বিরতি পড়েনি। তাই খেলা ভালো হয়েছে।’
দ্বিতীয় পর্বে এনামুল, রাব্বিরা আরও ঝলক দেখালে ফল পাবে জাতীয় দলই।