তুমি যা পারো, আমিও পারি - মেসিকে অখ্যাত প্লাটেনহার্ট

বক্সের বাঁ প্রান্তে ফ্রি-কিক। গোলপোস্ট থেকে দূরত্ব ২৫ গজ। বাঁ পায়ে দক্ষ একজন খেলোয়াড় ফ্রি কিক নেওয়ার জন্য তৈরি। দাঁড়িয়েছেনও বলের খুব কাছে। এরপর ছোট্ট দু-তিনটি ধাপ এগিয়ে বলে শট। মানব দেয়ালের ওপর দিয়ে এসে হঠাৎই একটু নিচু হয়ে দারুণ বাঁক খেয়ে বলটা ঢুকে গেল পোস্টের বাঁ পাশ ঘেঁষে। গোল!
কী, ভাবছেন? গতরাতে ন্যু ক্যাম্পে দেপোর্তিভো লা করুনিয়া ম্যাচে লিওনেল মেসির গোলটা আবার কেন বর্ণনা করা হচ্ছে?
এটা মেসির ফ্রি কিক নয়! এতক্ষণ বলা হলো মারভিন প্লাটেনহার্টের গোলের কথা। গতকাল জার্মান বুন্দেসলিগায় হার্থা বার্লিনের হয়ে অসাধারণ এক ফ্রি কিকে গোল করেছেন অনেকের কাছেই অচেনা এই ফুটবলার। আশ্চর্যের বিষয় হলো, মেসি আর প্লাটেনহার্টের গোল দুটো যেন যমজ ভাই! হুবহু একই রকম। কপি-পেস্ট! যেটিকে মেসির ক্যারিয়ারের অন্যতম সেরা ফ্রি কিক বলা হচ্ছে, সেই একই গোল করে প্লাটেনহার্টও যেন জানিয়ে দিতে চাইলেন, মেসি যা পারে, আমিও তা-ই পারি!
শুধু তা-ই নয়, প্লাটেনহার্ট এই দাবিও করতে পারেন, আমার গোলটা মেসির ‘কপি’ নয়। বরং মেসির গোলটাই হতে পারে আমার ‘কপি’। কাল রাতে মেসির ফ্রি কিকের ঠিক ৪৩ মিনিট আগে যে এই গোলটি করেছেন প্লাটেনহার্ট।

কাকতালই বলতে পারেন। সময়ের ব্যবধানে ৪৩ মিনিট, দুটি ফ্রি কিকও নেওয়া হয়েছে প্রায় একই রকম দূরত্ব থেকে। দুটি ভিন্ন দেশের দুই শহরের দূরত্বের হিসেবে ১২৯৬ কিলোমিটার। কাল ন্যু ক্যাম্পে বার্সেলোনার ম্যাচের আধঘণ্টা আগে বুন্দেসলিগায় ডার্মস্টাটের বিপক্ষে নেমেছিল হার্থা। তাতে ২৬ মিনিটে এসেছে প্লাটেনহার্টের ওই ফ্রি কিক। গোলটি হওয়ার চার মিনিট পর বার্সার হয়ে মাঠে নেমেছিলেন মেসি।
২০১৪ সালে নুরেমবার্গ থেকে আসার পর হার্থার হয়ে এর মধ্যে ৩১টি ম্যাচও খেলে ফেলেছেন। লেফট ব্যাক পজিশনে খেলেন, গোল করার সুযোগ তাই খুব বেশি একটা পাওয়ার কথাও নয়। কালই ৩১তম ম্যাচে এসে হার্থার হয়ে প্রথম গোল পেলেন প্লাটেনহার্ট। তাতেই নাতি-পুতীদের কাছে গর্ব করে বলার মতো গল্প পেয়ে গেছেন এই ২৩ বছর বয়সী জার্মান খেলোয়াড়। আজ থেকে ৪০-৫০ বছর পর যখন নাতি-পুতীদের সঙ্গে গল্প করবেন, তখন হয়তো বলবেন, 'জানিস, আমি হার্থার হয়ে প্রথম যে গোলটি করেছিলাম, ওই দিন মেসিও আমার মতো করে একই রকম গোল করেছিল!' তথ্যসূত্র: ইউটিউব।
http://screamer.deadspin.com/lionel-messi-and-marvin-plattenhardt-score-identical-fr-17476973230