জীবনের সেরা ফর্মে নেইমার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনের সেরা ফর্মে নেইমার? ছবি: এএফপি
জীবনের সেরা ফর্মে নেইমার? ছবি: এএফপি

নেইমার কি জীবনের সেরা ফর্মে আছেন? ব্রাজিলীয় তারকা কিন্তু নিজেই বলেছেন এমন কথা। কাল ইস্তাম্বুলে তুরস্ককে ৪-০ গোলে হারানোর ম্যাচে নিজের পারফরম্যান্স বিচার করেই স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি, ‘খুব সম্ভবত জীবনের সেরা ফর্মে আছি আমি।’
তুরস্কের বিপক্ষে কাল দুই গোল পেয়েছেন নেইমার। কালকের দুটো গোলে ব্রাজিলের পক্ষে ৫৯ ম্যাচে তাঁর গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪২-এ। অসাধারণ অর্জন। বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগেও তিনি সমান উজ্জ্বল। নয় ম্যাচে নয় গোল প্রমাণ দিচ্ছে তাঁর পারফরম্যান্সের ধারাবাহিকতাকে।
ইস্তাম্বুলে জোড়া গোলের সঙ্গে একটি গোলের মূল সহায়ক তিনিই। ম্যাচ শেষে টিভি গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে জীবনের সেরা ফর্মে থাকার বিষয়টি। প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দিয়ে তিনি জানিয়েছেন, ‘এই ফর্মে তিনি থাকতে চান অনেক দিন।’
ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে তৃপ্তি বা স্বস্তির কোনো জায়গা নেই—নেইমার এ ব্যাপারটি বোঝেন, মানেন। এটা পরিশ্রম করে যাওয়ার জায়গা। অন্যের সঙ্গে লড়ে নিজেকে টিকিয়ে রাখার জায়গা, প্রতিভাকে ঘষে-মেজে আরও অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার এই লড়াইয়ে শামিল নেইমার বলেছেন তাঁর লক্ষ্যের কথাও, ‘এটা ঠিক যে এত তাড়াতাড়ি এত কিছু পেয়ে যাব তা ভাবিনি। তবে এমন ফর্মে থেকেও পুরোপুরি তৃপ্তির ঢেঁকুর তোলার পর্যায়ে নেই আমি। আমাকে আরও ওপরে যেতে হবে। এই ফর্ম ধরে রাখতে হবে আরও বহু দিন। নিজেকে নিয়ে যেতে হবে সেরাদের কাতারে।’
বিশ্বকাপের দুঃস্বপ্ন ব্রাজিল পেছনে রেখেই এসেছে বলে মনে করেন নেইমার। ঘরের মাঠে দুঃসহ ওই বিশ্বকাপের পর অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। কোচের পদ থেকে বিদায় নিয়েছেন কোচ লুই ফেলিপে স্কলারি। দুঙ্গার অধীনে দলটা যে ঘুরে দাঁড়িয়েছে তা বোঝা যাচ্ছে বিশ্বকাপ-পরবর্তী পারফরম্যান্স দিয়েই। দুঙ্গা কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল জিতেছে টানা পাঁচটি ম্যাচ। নেইমার মনে করেন পুরো দল বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে, ‘ব্রাজিলে তো আর খেলোয়াড়ের অভাব নেই। আমি মনে করি দল বিশ্বকাপের দুঃস্বপ্ন কাটিয়ে উঠেছে। নতুন নতুন খেলোয়াড় আসছে, অনেকে বেরিয়ে যাচ্ছে। অনেকেই বাইরে থেকে অপেক্ষায় আছে আলো জ্বালানোর। আজ দল দুর্দান্ত খেলেছে। আমার মনে হয়, ব্রাজিলের জন্য সামনের দিনগুলোতে ভালো কিছুই অপেক্ষা করছে।’
কাল তুরস্কের বিপক্ষে নেইমারের দুই গোলের পাশাপাশি গোল করেছেন চেলসি ফরোয়ার্ড উইলিয়ান। আরও একটি গোল অবশ্য এসেছে তুরস্কের সেমি কায়ার আত্মঘাত থেকে।