তুরস্কের 'অর্জনে'র পরও ইংল্যান্ডের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের বিপক্ষে প্রীতি-ম্যাচে দুই ইংলিশ গোলদাতা হ্যারি কেন ও জেমি ভার্ডি। ছবি: রয়টার্স।
তুরস্কের বিপক্ষে প্রীতি-ম্যাচে দুই ইংলিশ গোলদাতা হ্যারি কেন ও জেমি ভার্ডি। ছবি: রয়টার্স।

এত দিন তুরস্কের বিপক্ষে ‘৩১-০’ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। অবাক হওয়ার কিছু নেই। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের আগের ১০টি ম্যাচে ইংল্যান্ড ৩১ বার তুরস্কের জালে বল ঠেললেও তুরস্ক এর কোনো জবাবই দিতে পারেনি। কিন্তু গতকাল রোববার ১১তম মোকাবিলায় ইংল্যান্ডের জালে প্রথমবারের মতো বল ঠেলতে পারল তুরস্ক। হাকান কালহানোগলু ইংলিশদের বিপক্ষে গতকাল দেশের হয়ে করলেন প্রথম গোল!


ম্যাচটা অবশ্য জিততে পারেনি তুরস্ক। ইংলিশদের অভিজ্ঞতার কাছে ২-১ গোলের ব্যবধানে হার মেনে নিতে হয়েছে তাদের। কিন্তু ইউরোর লড়াই শুরু হওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে দাঁতে দাঁত চেপে লড়াই করে দেশটি বুঝিয়ে দিয়েছে, এবারের ইউরোপ-সেরার লড়াইয়ের অন্যতম লড়াকু দল তারা।

ইংল্যান্ডের হয়ে গোল করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুই সেরা গোলদাতা হ্যারি কেন ও জেমি ভার্ডি। ম্যাচের দ্বিতীয় মিনিটে টটেনহাম স্ট্রাইকার কেনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু দশম মিনিটেই কালহানোগলুর গোলে সমতায় ফেলে তুরস্ক। খেলা শেষ হওয়ার সাত মিনিটে আগে গ্যারি কাহিলের ক্রস তুরস্কের গোলকিপার ফেরাতে ব্যর্থ হলে মোটামুটি কঠিন এক কোণ থেকে গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ভার্ডি।

ইউরোর মূল লড়াই শুরু হওয়ার আগে দারুণ তুরস্কের বিপক্ষে জয়টি দারুণ স্বস্তি দিচ্ছে ইংলিশদের। সূত্র: রয়টার্স।