জাতীয় দলের হয়ে বড় কোনো ট্রফি জেতেননি। গড়েননি ব্যক্তিগত বিশাল কোনো কীর্তিও। তবু আরদা তুরান বড় একটা ‘পুরস্কার’ পেতে যাচ্ছেন। ইস্তাম্বুলের শহরতলি বেরামপাসার একটা রাস্তার নামকরণ হতে যাচ্ছে সদ্যই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দেওয়া এই মিডফিল্ডারের নামে! এখানেই জন্ম তুরানের। সেখানকার আলো-বাতাস গায়ে মেখেই বড় হওয়া। বেরামপাসাতো বটেই, গোটা তুরস্কেই ভীষণ জনপ্রিয় তুরান। গোলকিপার রুস্তু রেকবারের পর দ্বিতীয় তুর্কি ফুটবলার হিসেবে তাঁর কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার খবরে গোটা তুরস্ক তোলপাড়। বেরামপাসাতে বইছে আনন্দের বন্যা। এরই মধ্যে বেরামপাসার মেয়র আতিলা আইদিনার ঘোষণা দিলেন, ‘আরদাকে আমরা দু-একটি বিস্ময় উপহার দিতে যাচ্ছি। মিলিটারি স্ট্রিটের নাম করতে যাচ্ছি আরদা তুরান স্ট্রিট।’ ন্যু কাম্পে অভিষেকের জন্য আরদা তুরানকে অবশ্য অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। কাতালান ক্লাবটির ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে ফিফার। এএফপি।