তুরিন-দেয়াল ভাঙতে চায় মোনাকো
ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি ভালো করেই জানেন, তাঁর দল কার্ডিফের ফাইনালে এক পা দিয়েই রেখেছে। নিজেদের মাঠে জুভেন্টাসের কাছে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগটা ২-০ গোলে হেরে যাওয়াতেই যে ফাইনালের সম্ভাবনা শেষ, সেটা জানেন মোনাকো কোচ লিওনার্দো জার্ডিমও। তারপরও অঙ্কের হিসাবে মোনাকোর সম্ভাবনা একটু আছে। আবার যতক্ষণ পর্যন্ত না জুভেন্টাস মোনাকোর সামান্য সম্ভাবনাটুকুও মুছে দিতে পারছে, একটু অনিশ্চয়তায় তাদের থাকতেই হয়।
জুভেন্টাস কোচ অ্যালেগ্রিও তাই বলেছেন, ‘মোনাকো দারুণ প্রতিভাবান এক দল। সুতরাং যেকোনো কিছু হতে পারে। আমাদের ফাইনাল এখনো নিশ্চিত হয়নি। ফিরতি লেগটার পর বোঝা যাবে।’
সেই ফিরতি লেগটা আজ তুরিনে। যে ম্যাচ সামনে রেখে নিজের দলকে আশার কথা শুনিয়ে যাচ্ছেন জার্ডিমও, ‘ঘুরে দাঁড়ানো কঠিন। কিন্তু বিশ্বাস হারালে তো চলবে না। বরং আমাদের বিশ্বাস রাখতে হবে যে এটা সম্ভব, এমনকি যদি মাত্র ৫ ভাগ সুযোগও থাকে!’
কে না জানে এগুলো সব কথার কথা! ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে সবার আগে জুভেন্টাসের মাঠে দুটি গোল করতে হবে মোনাকোকে। অ্যালেগ্রির দল চ্যাম্পিয়নস লিগের পুরো মৌসুমেই গোল খেয়েছে দুটি, সর্বশেষ ছয় ম্যাচে তাদের জালে কেউ বল ঢোকাতে পারেনি! যে দলটা মেসি-নেইমার-সুয়ারেজকে নিয়ে গড়া তর্কযোগ্যভাবে বিশ্বের সেরা আক্রমণভাগের বিপক্ষে দুই লেগে একটাও গোল খায়নি, তারা মোনাকোর কাছে ২ গোল খাবে? সেটাও নিজের মাঠে! যে মাঠে সর্বশেষ ১৫ মাসে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এক ম্যাচে ২ গোল খেয়েছে মাত্র একবার। সর্বশেষ চার বছরে নিজের মাঠে ইউরোপিয়ান টুর্নামেন্টের কোনো ম্যাচ হারেনি। সর্বশেষ হারটা ছিল ২০১৩ এপ্রিলে, বায়ার্ন মিউনিখের কাছে।
এখানেই শেষ নয়। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে নিজের মাঠে কোনো দল দুই গোলের ব্যবধানে হেরে কখনো ঘুরে দাঁড়াতে পারেনি। নিজের মাঠে এক গোলে হেরে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর কীর্তিই আছে মাত্র দুটি। এর একটা ১৯৯৬ সালে, আয়াক্স গড়েছিল প্যানাথিনাইকোসের বিপক্ষে। অন্যটা এসি মিলানের, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২০১১ সালে।
বোঝাই যাচ্ছে, অলৌকিক কিছু করতে হবে মোনাকোকে। সেই অলৌকিক কিছু করার একটা পথও শিষ্যদের বাতলে দিয়েছেন জার্ডিম, ‘শুরুতেই যদি একটা গোল করে ফেলা যায়, হয়তো পরিস্থিতি পাল্টাতেও পারে।’
প্রায় একই ধরনের কথা জুভেন্টাসের মাঠ থেকে ৩-০ গোলে হেরে এসে নিজের মাঠে ফিরতি ম্যাচের আগে বলেছিলেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। শুরু কেন, শেষ পর্যন্তও জুভেন্টাসকে কোনো গোল দিতে পারেনি তাঁর দল। ওই ম্যাচ শেষেই অ্যালেগ্রি বলেছিলেন, ‘আমাদের রক্ষণ এমন, বার্সার বিপক্ষে সারা দিন খেললেও গোল না খেয়ে থাকতে পারতাম।’
মেসি-নেইমাররা পারেননি তুরিনের দেয়াল ভাঙতে, ফ্যালকাও-এমবাপ্পেরা কি পারবেন? এএফপি, রয়টার্স।