তুলে নেওয়া হলো মামুনুল-সোহেলের নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের। গত সাফ ফুটবলে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। বৃহস্পতিবার ‘জাতীয় দলে প্রয়োজনীয়তা’ ও ‘ তাদের আবেদনের’ ভিত্তিতে তুলে নেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা।
মামুনুলের সঙ্গে একই কারণে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানা। বৃহস্পতিবার নিষেধাজ্ঞা করা প্রত্যাহার হয়েছে তাঁরও। নিষিদ্ধ অন্য দুই ফুটবলার ইয়াসিন খান ও জাহিদ হোসেনের ব্যাপারেও দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
আজ এক সংবাদ সম্মেলনে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী এই দুই ফুটবলারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। তাজিকিস্তানের বিপক্ষে আগামী মাসে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচেই জাতীয় দলে মামুনুল ও সোহেলকে জাতীয় দলে ডাকা হবে।
গত ৭ মে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ক্ষমা চাওয়ার বিনিময়ে ফুটবলারদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পরদিনই ক্ষমা চেয়ে বাফুফে বরাবর চিঠি দেন মামুনুল ও সোহেল।
সাফ ফুটবলের সময় উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগে জাতীয় দলে ৪ ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়। মামুনুল ও জাহিদকে নিষিদ্ধ করা হয় এক বছরের জন্য। সোহেল রানা ও ইয়াসিন খানের নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ছয় মাসের। সতর্ক করে দেওয়া হয়েছিল গোলরক্ষক শহীদুল আলম, আতিকুর রহমান ও ইয়ামিন মুন্নাকে।