তৃতীয় ম্যাচেই ধাক্কা খেলেন গার্দিওলা

এবারই চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা উলভারহ্যাম্পটন রুখে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে। উলভসের মাঠে ১-১ গোলেই সন্তুষ্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলাকে।
কমিউনিটি শিল্ড জিতে মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। লিগে প্রথম দুই ম্যাচেই গোলের পর গোল গতবারের রেকর্ড ভাঙা মৌসুমের কথাও মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে সিটি। এবারই চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা উলভারহ্যাম্পটন রুখে দিয়েছে সিটিকে। উলভসের মাঠে ১-১ গোলেই সন্তুষ্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলাকে।
এ ড্রয়ের জন্য দুর্ভাগ্য ও রেফারিকে দায় দিতে পারেন গার্দিওলা। তিনবার গোলপোস্ট বাধা হয়েছে সিটির। ম্যাচে এগিয়ে যাওয়া উলভসের গোলটাও ছিল বিতর্কিত। ৫৬ মিনিটে হেল্ডার কস্তার শট আটকে দিয়েছিলেন সিটি গোলরক্ষক এডারসন। কিন্তু সেখান থেকে পাওয়া কর্নার থেকে এগিয়ে যায় স্বাগতিক দল। রুবেন নেভেসের ক্রস ম্যাট ডোহার্টির মাথা ছুঁয়ে নিচে নেমে এসেছিল। হেড করতে চেয়েছিলেন উইলি বলি। মাথাও নামিয়েছিলেন, কিন্তু ডান হাতে লেগেই বল ঢুকেছে জালে। রেফারি বোঝেননি ব্যাপারটি, ঘটনাটি এড়িয়ে গেছে লাইনসম্যানের চোখকেও।
১২ মিনিট পরে হেড থেকে গোলে আয়মেরিক লাপোর্তে দলকে সমতায় ফিরিয়েছেন। ম্যাচের বাকি সময়ে সার্জিও আগুয়েরো, লিরয় সানে, মাহরেজরা বহু চেষ্টা করেও দলকে এগিয়ে দিতে পারেননি। পাল্টা আক্রমণে চ্যাম্পিয়নশিপ জয়ী দলও সিটি রক্ষণে ভয় জাগিয়েছে বারবার। প্রথমার্ধে একবার সিটির জালে বল পাঠিয়েছিল স্বাগতিক দল। সেটা অবশ্য অফসাইড সিদ্ধান্তে বাতিল হয়েছে।
প্রথমার্ধেই অন্তত দুই গোলে পিছিয়ে যেতে পারত উলভস। প্রথমে সার্জিও আগুয়েরোর শট লাগে পোস্টে। ২২ মিনিটে রহিম স্টার্লিং বল পেয়েছিলেন ডি বক্সের ঠিক বাইরে। গোলবারের দুরূহ কোণে দারুণ এক শট নিয়েছিলেন। কিন্তু উলভসের পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও অসাধারণ এক সেভ করে দলকে বাঁচিয়ে দিয়েছেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটেও আগুয়েরোর ফ্রি কিক ক্রসবারে লেগে বেড়িয়ে গেছে।