তৃতীয় শিরোপার খোঁজে জার্মানি-যুক্তরাষ্ট্র
২০১১ মহিলা বিশ্বকাপে অবাক করে শিরোপা জিতেছিল জাপান। কানাডায় অনুষ্ঠানরত এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও উঠেছে এশিয়ার দেশটি। তবে এবার কত দূর এগোতে পারবে সংশয় আছে। গতবারের টুর্নামেন্ট-সেরা, সর্বোচ্চ গোলদাতা মিডফিল্ডার হোমারে সাওয়া এবার এখন পর্যন্ত একটিও গোল পাননি। টুর্নামেন্টের শেষ আটে আছে এশিয়ার আরও দুটি দল চীন ও অস্ট্রেলিয়া। তবে এশীয়দের ছাপিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে জার্মানি ও যুক্তরাষ্ট্র। কোয়ার্টার ফাইনালে দুই দলই মাঠে নামছে আজ। ২০০৩ ও ২০০৭ সালের চ্যাম্পিয়ন জার্মানি শেষ আটে মুখোমুখি ফ্রান্সের। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে ১৯৯১ ও ১৯৯৯ সালের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র খেলবে চীনের সঙ্গে। আগামীকাল দুটি কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন জাপানের সামনে এশিয়ান ফুটবল কনফেডারেশনভুক্ত অস্ট্রেলিয়া এবং স্বাগতিক কানাডার মুখোমুখি হবে ইংল্যান্ড। এএফপি, রয়টার্স।