তৃতীয়বারের মতো হল্যান্ডের কোচ অ্যাডভোকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স হয়ে গেছে ৬৯। চলতি মৌসুম শেষেই কোচিং ক্যারিয়ারে ইতি টেনে দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তা আর পারছেন কই ডিক অ্যাডভোকাট! হল্যান্ডের যে বড্ড প্রয়োজন তাঁকে। তৃতীয়বারের মতো হল্যান্ডের দায়িত্ব নিচ্ছেন অ্যাডভোকাট। এর আগে দুবার ছিলেন প্রধান কোচ, সহকারী কোচও দুবার।
কঠিন সময়ই পার করছে হল্যান্ডের ফুটবল। ২০১৬ ইউরোতে দর্শক হয়ে থাকতে হয়েছে সাবেক চ্যাম্পিয়নদের। রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়েও শঙ্কা জেগেছে। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে বুলগেরিয়ার কাছে হেরে যাওয়ার পর কোচ ড্যানি ব্লিন্ডকে বরখাস্ত করে হল্যান্ডের ফুটবল ফেডারেশন (কেএনভিবি)। কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য পোড় খাওয়া অ্যাডভোকাটের ওপরই ভরসা করল তারা।
এর আগে ১৯৯২ থেকে ১৯৯৪ আর ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত দুই দফায় হল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করেন অ্যাডভোকাট। তাঁর অধীনে ১৯৯৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলে হল্যান্ড। আর ২০০৪ ইউরোতে ওঠে শেষ চারে। এ ছাড়া দুই দফায় পাঁচ বছর হল্যান্ড দলে কোচ রাইনাস মিশেলসের সহকারী ছিলেন তিনি। অ্যাডভোকাট সহকারী হিসেবে পাচ্ছেন ডাচ কিংবদন্তি ফুটবলার রুড খুলিতকে। প্রথমবার হল্যান্ডের প্রধান কোচ থাকার সময় সেই সময়ের তারকা খুলিতের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না অ্যাডভোকাটের।
অ্যাডভোকাট বর্তমানে ফেনেরবাচের দায়িত্বে আছেন। তুরস্কের ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি আগামী ১ জুন পর্যন্ত। এরপরই সার্বক্ষণিকভাবে হল্যান্ডের দায়িত্ব নেবেন অ্যাডভোকাট। বিশ্বকাপ বাছাইপর্বে হল্যান্ডের পরের ম্যাচ ৯ জুন লুক্সেমবার্গের বিপক্ষে। এএফপি।