তেতাল্লিশেও মাঠে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিভালদো: চল্লিশেও চালশে নয়
রিভালদো: চল্লিশেও চালশে নয়

যখন ক্যারিয়ারের সোনালি সময় কাটিয়েছেন, তখনো তাঁর কপালের চামড়াটা কুঁচকানো ছিল। এখন চামড়ার সেই ভাঁজে আশ্রয় নিয়েছে বয়স। তারপরও রিভালদো যেন চিরতরুণ! বয়স স্রেফ একটা সংখ্যা—এটা মনে করিয়ে দিয়ে ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তেতাল্লিশে আবার নেমে পড়লেন মাঠে!
না, কোনো প্রদর্শনী ম্যাচ নয়, মগি মিরিমের হয়ে মঙ্গলবার রিভালদো খেললেন ব্রাজিলের দ্বিতীয় বিভাগ লিগে। গোল পাননি। তাতে কী! আগের ১০ ম্যাচে যে দল একটিও ম্যাচ জেতেনি, রিভালদোর ফেরার ম্যাচে সেই দলই মাঠ ছাড়ল ২-১ গোলে জিতে।
১৯৯৯ ফিফা বর্ষসেরা খেলোয়াড় খেলবেন বলে একটা আভাস দিয়েছিলেন গত মাসেই। ১০ ম্যাচে জয়শূন্য মগি মিরিম। এমনটা আর কিছুদিন চললে দলের অবনমন অবধারিত। মগি মিরিমের সভাপতি রিভালদো দলকে উদ্ধারের জন্য নিজের ভেতর থেকেই মাঠে নামার তাগিদ অনুভব করলেন। নেমেও পড়লেন। ম্যাচের প্রথমার্ধে নটিকোর বিপক্ষে গোলের সুযোগও পেয়েছিলেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। ৬৮ মিনিট পর মাঠে থেকে রিভালদো উঠে গেলেও ০-১ গোলে পিছিয়ে পড়া মিরিম ম্যাচ জেতে শেষ পর্যন্ত।
ইউরোপে সেরা সময়টা কাটিয়ে ত্রিশের শেষভাগে ব্রাজিল তারকাদের ঘরোয়া ফুটবলে খেলার উদাহরণ আছে ভূরি ভূরি। ভাস্কো দা গামার হয়ে ৪১ বছর বয়সেও খেলেছেন রোমারিও। বিয়াল্লিশেও সাও পাওলোর হয়ে খেলে যাচ্ছেন গোলকিপার রজারিও চেনি। তেতাল্লিশে নতুন শুরু করা রিভালদো কোথায় থামেন দেখা যাক! রয়টার্স।