তেভেজ আবার আকাশি-নীলে

জুলাই ২০১১। এরপর পেরিয়ে গেছে তিন বছর। আর্জেন্টিনার হয়ে খেলার সর্বশেষ সেই স্মৃতিতে জমেছে একরাশ ধুলা। মেঘে মেঘে বেলাও তো কম হয়নি, বয়স পেরিয়ে গেছে ৩০। বিশ্বকাপ দলেও যখন ডাক পেলেন না, কার্লোস তেভেজ হয়তো আকাশি-নীল জার্সিটা গায়ে চড়ানোর আশা ছেড়েই দিয়েছিলেন। অবশেষে তাঁকে তুলে আনা হলো বিস্মৃতি থেকে। সামনের মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য তেভেজকে দলে ডেকেছেন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো।
কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে সেই স্মৃতিটা অবশ্য মুছেই ফেলতে চাইবেন তেভেজ। উরুগুয়ের সঙ্গে সেই কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন তেভেজ, বেজে গিয়েছিল আর্জেন্টিনার বিদায়ঘণ্টাও। এরপর সেই যে দলের বাইরে গেলেন, ‘এল অ্যাপাচি’, যেন বাতিলের খাতায় পড়ে গেলেন। দেশে তিনি তুমুল জনপ্রিয়, একটা সময় মেসির চেয়ে অনেক বেশি জনপ্রিয় ছিলেন। ‘গণমানুষের খেলোয়াড়কে’ দলে ফেরানোর জন্য আর্জেন্টিনায় কম শোরগোল তো ওঠেনি। কিন্তু সাবেলা সব সময়ই উপেক্ষা করে গেছেন তেভেজকে। মার্টিনো এসেও প্রথমে যখন ডাকলেন না, মনে হচ্ছিল দরজাটা চিরকালের জন্যই বন্ধ হয়ে গেছে। অবশেষে ক্রোয়েশিয়া ও পর্তুগালের বিপক্ষে ম্যাচের জন্য আবার ফিরলেন দলে।
১২ নভেম্বর ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচটি হবে ওয়েস্ট হামের মাঠ আপটন পার্কে। ছয়দিন বাদে আর্জেন্টিনা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে ওল্ড ট্রাফোর্ডে। যে মাঠেই খেলুন, তেভেজকে তা স্মৃতিকাতরই করে তুলবে। এই দুই ক্লাবের হয়েই যে খেলেছেন জুভেন্টাসের স্ট্রাইকার।
কিন্তু এত দিন কেন ব্রাত্য ছিলেন? সাধারণ্যে ধারণা ছিল, মেসির সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের আশঙ্কায় তেভেজকে দলে ডাকেননি সাবেলা। অবশ্য দেশের হয়ে তেভেজের রেকর্ডও আহামরি নয়, ৬৪ ম্যাচে গোল মাত্র ১৩টি। তবে ক্লাব ফুটবলে ফর্মের কারণেই তাঁকে উপেক্ষা করাটা মার্টিনোর জন্য কঠিন ছিল। জুভেন্টাসের হয়ে গত মৌসুমে ১৯ গোল করেছিলেন, এই মৌসুমেও ৮ ম্যাচে করে ফেলেছেন ৬ গোল।
অভিষেকের অপেক্ষায় থাকা ম্যানচেস্টার সিটি গোলরক্ষক উইলি কাবায়েরো ডাক পেয়েছেন দলে। চোট কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার এজেকিয়েল গ্যারাই। রয়টার্স।