তেভেজে চলছে জুভের জয়রথ

স্পেনে ক্রিস্টিয়ানো রোনালদো, ইংল্যান্ডে ডিয়েগো কস্তা। মৌসুমের শুরু থেকেই যেন গোলের নেশায় পেয়েছে দুজনকে। এই দুজনের মতো এতটা না হলেও গোল-উৎসবে কিছুটা হলেও আছেন মেসি-নেইমার। আর আছেন কার্লোস তেভেজও। জুভেন্টাস স্ট্রাইকার পরশুও করেছেন জোড়া গোল। এ নিয়ে ক্লাবের হয়ে সর্বশেষ চার ম্যাচে ৬ গোল হলো জাতীয় দলে ব্রাত্য হয়ে যাওয়া আর্জেন্টাইন স্ট্রাইকারের। তেভেজের কাঁধে চেপে জুভেন্টাসও লিগে ধরে রেখেছে শতভাগ জয়ের ধারা। পরশু আটালান্টাকে ৩-০ গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। লিগে পাঁচ ম্যাচে এখন পর্যন্ত কোনো গোল খায়নি জুভেন্টাস, প্রতিপক্ষের জালে দিয়েছে ১০ গোল।
জুভদের সিরি ‘আ’-তে শীর্ষে থাকাটাও অবশ্য শুধু গোল ব্যবধানেই। কারণ লিগে রোমাও জিতেছে টানা পাঁচ ম্যাচেই। রুডি গার্সিয়ার দল পরশু ২-০ গোলে হারিয়েছে হেল্লাস ভেরোনাকে। গত মৌসুমের মতো তাই এবারও শিরোপার লড়াইয়ে এগিয়ে জুভেন্টাস-রোমা। তবে সিরি ‘আ’কে এখনই দুই ঘোড়ার দৌড় বলতে রাজি নন তেভেজ। বরং বলছেন, ‘এখনো অনেক ম্যাচ বাকি।’ শীর্ষে থাকা দুই দল জুভেন্টাস-রোমা অবশ্য মুখোমুখি হচ্ছে আগামী রোববারই। এএফপি।