তেভেজে জিদানের ছবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স মাত্রই ৩০। তবু ব্রাত্য হয়ে পড়েছেন আর্জেন্টিনা দলে। তবে ক্লাব ফুটবলে এখনো তিনি মধ্যদিনের সূর্য। ক্রমেই ক্লাব জুভেন্টাসের মধ্যমণি হয়ে উঠছেন কার্লোস তেভেজ!
পরিসংখ্যানই সাক্ষ্য দেয় এ কথার। এই মৌসুমে জুভেন্টাসের হয়ে করেছেন ৮ গোল। লিগে ৬। দুর্দান্ত ফর্মের তেভেজকে দেখে ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পির মনে পড়ে যাচ্ছে জিনেদিন জিদানকে, ‘তেভেজ এতই ভালো খেলছে যে, তার খেলা জুভেন্টাসের সেরা দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে আমাকে। সে তেমনই খেলছে জুভেন্টাসে থাকার সময় যেমন খেলত জিদান।’
তুরিনের দলটির কোচ থাকার সময় জিদানকে খেলোয়াড় হিসেবে পেয়েছিলেন লিপ্পি। জুভেন্টাসের জিদান সম্পর্কে তাই তাঁরই ভালো জানার কথা। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সে সময় দলের নেতাই হয়ে উঠেছিলেন জিদান। সেই একই ভূমিকাতেই লিপ্পি দেখতে পাচ্ছেন আর্জেন্টাইন স্ট্রাইকারকে, ‘সে অদ্বিতীয়। তার মতো ফেনোমেনন আর নেই। এমনকি রোমাতেও নেই, যে দলে অনেক মেধাবী খেলোয়াড় থাকে।’
তেভেজের মতো ক্লাব জুভেন্টাসও দুর্দান্ত শুরু করেছে লিগে। ৬ ম্যাচের সব কটিতেই জিতে সবার শীর্ষে তারা। দলের এই সাফল্যের পেছনেও লিপ্পি দেখছেন তেভেজের ভূমিকা, ‘দলটা বেশ অভিজ্ঞ। জুভেন্টাসের হয়ে দারুণ খেলছে তেভেজ। তেভেজের জন্য জুভেন্টাসও অনেক কিছু করেছে।’
১৯৯৪-১৯৯৯ এবং ২০০১-০৪ দুই মেয়াদে জুভেন্টাসের দায়িত্বে থাকা লিপ্পি এখন চীনের গুয়াংজু এভারগ্রান্ডের কোচ। সাবেক দলটির জন্য হৃদয়ে এখনো একটা জায়গা রয়ে গেছে তাঁর। কামনা করছেন, লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও ভালো করবে জুভেন্টাস। গোলডটকম।