তেভেজে বোকার ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোকার শিরোপা জয়ের পর বোমবোনেরা স্টেডিয়ামে তেভেজের উদ্‌যাপনে সঙ্গী তাঁর ছেলেও l এএফপি
বোকার শিরোপা জয়ের পর বোমবোনেরা স্টেডিয়ামে তেভেজের উদ্‌যাপনে সঙ্গী তাঁর ছেলেও l এএফপি

গত জুলাইয়ে যখন ফিরে এলেন, একটা তোলপাড়ই হয়েছিল বোকা জুনিয়র্সে। দুনিয়া মাতানো ‘ঘরের ছেলে’ কার্লোস তেভেজকে একনজর দেখতে সেদিন বোকার বোমবোনেরা স্টেডিয়ামে জড়ো হয়েছিল চল্লিশ হাজারেরও বেশি দর্শক। অনেকের হাতে ছিল ব্যানার, ‘ফিরে আসার জন্য ধন্যবাদ, কার্লিতোস’। ২০১১ সালের পর লিগ শিরোপা জিততে ভুলে যাওয়া বোকাকে শিরোপা জেতাবেন তেভেজ—সেদিন তাঁকে দেখতে আসা মানুষের উচ্ছ্বাসে মিশে ছিল এমন একটা বিশ্বাসও। সেই বিশ্বাসেরই জয় হলো পরশু। তেভেজ বোকাকে জেতালেন ৩১তম লিগ শিরোপা!
গত পরশু ডিফেন্ডার ফাবিয়ান মনজোনের গোলে তাইগ্রের বিপক্ষে জয়ে এক ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত হয়েছে বোকার। উৎসবটাও পরশু করে ফেলল তেভেজের দল। অধিনায়ক তেভেজও এদিন ছিলেন আনন্দে আত্মহারা। সতীর্থের গোলের পর উদ্‌যাপন করলেন। ম্যাচ শেষে উদ্‌যাপন রূপ নিল উৎ​সবে। দলের পতাকা নিয়ে সবার সঙ্গে মাঠ প্রদক্ষিণ করলেন। ট্রফি হাতে সতীর্থদের নিয়ে দাঁড়ালেন ক্যামেরার সামনে। চেনা এসব আনুষ্ঠানিকতার বাইরে যা করালেন সেটি অবশ্য দেখার মতো—ট্রফি নিয়ে উঠে গেলেন গোলপোস্টের ওপর। দুই হাত ওপরে তুলে গগনবিদারী চিৎকার, ‘আমরাই চ্যাম্পিয়ন’।
চ্যাম্পিয়ন শব্দটাই তেভেজের নামের সমার্থক হয়ে গেছে। তেভেজের উপস্থিতি মানেই নিশ্চিত দলের লিগ শিরোপা! একটু বেশিই শোনায়, কিন্তু গত কয়েক বছরের বাস্তবতা এটিই। ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার সিটিকে লিগ শিরোপা জিতিয়ে গেলেন জুভেন্টাসে। সেখানে টানা দুবার জিতলেন সিরি আ। এর পর কৈশোরের দল বোকা জুনিয়র্সে ফিরেই আবার লিগ শিরোপা। ম্যানচেস্টার সিটি, জভেন্টাস, বোকার সঙ্গে করিন্থিয়ানস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জয় ধরে তেভেজের ক্যারিয়ারে ৮টি লিগ শিরোপা। চার দেশের ৫ দলের হয়ে এতগুলো লিগ শিরোপা তেভেজকে করে তুলেছে অনন্য এক ফুটবলার!
তবে বোকা জুনিয়র্সে ফিরে লিগ জয়ের আনন্দ অন্যসব সাফল্যের চেয়ে বড় তেভেজের কাছে, ‘বিভিন্ন দেশে অনেক শিরোপা জিতেছি আমি। কিন্তু এটির সঙ্গে কোনোটিরই তুলনা করা যাবে না।’ প্রতিশ্রুতি দিলেন, ‘এখন থেকে আপনারা বোকাকে নতুন রূপে দেখতে পাবেন।’

গতবার যখন শিরোপাশূন্য থেকেছে বোকা, চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেট লিগ শিরোপার পাশাপাশি জিতেছে কোপা সুদামেরিকানা, কোপা লিবার্তাদোরেস এবং দক্ষিণ আমেরিকান সুপারকাপ। নিশ্চয় এবার তেভেজের ‘নতুন বোকার’ রাডারে থাকবে এসব শিরোপা। এএফপি, রয়টার্স।

তেভেজের যত লিগ শিরোপা

আর্জেন্টাইন প্রিমেরা লিগ

বোকাজুনিয়র্স: ২০০৩, ২০১৫

ব্রাজিলিয়ান সিরি আ

করিন্থিয়ানস: ২০০৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টারইউনাইটেড

২০০৭-০৮, ২০০৮-০৯

ম্যানসিটি: ২০১১-১২

ইতালিয়ান সিরি আ

জুভেন্টাস: ২০১৩-১৪, ২০১৪-১৫