তেভেজের ঘরে ফেরা

বয়স মাত্র ৩১। সদ্যই জুভেন্টাসের হয়ে ইতালিয়ান লিগ ও কাপ জিতেছেন। খেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। চাইলেই আরও দু-তিন বছর ইউরোপের শীর্ষ লিগে খেলে যেতে পারতেন। অ্যাটলেটিকো মাদ্রিদ-লিভারপুলের মতো বড় ক্লাবগুলোও আগ্রহী ছিল বেশি বেতনে তাঁকে দলে নেওয়ার জন্য। কিন্তু টাকা তাঁর কাছে কখনোই মুখ্য ছিল না। নিজের দেশে ফিরতেই সব সময় বেশি আগ্রহী ছিলেন তেভেজ। গোল উদ্যাপনে তিনি মেলে ধরেন জার্সির ভেতরের পোশাকে লেখা নিজের জন্মস্থান ‘ফুয়ের্তোর’ নাম। ‘ফুয়ের্তো অ্যাপাচি’র নামেই তাঁর ডাকনামও। অবশেষে কার্লোস তেভেজের ঘরে ফেরার স্বপ্ন সত্যি হলো। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে ফিরলেন ‘অ্যাপাচি’। আর ফিরে কী অভিবাদনটাই না পেলেন শৈশবের ক্লাবের সমর্থকদের কাছ থেকে!
এমনিতে আর্জেন্টিনায় লিওনেল মেসির চেয়েও জনপ্রিয় তেভেজ। ২০০১-০৪ পর্যন্ত বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় জিতেছেন লিগ, কোপা লিবার্তোদোরেস, কোপা সুদামেরিকানা এবং ইন্টার কন্টিনেন্টাল কাপ। প্রিয় নায়কের ঘরে ফেরা উদ্যাপন করতে বোকা জুনিয়র্সের বোমবোনেরা স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন প্রায় ৪০ হাজার সমর্থক। এবং বিশেষ একজন—ডিয়েগো ম্যারাডোনা! ‘ফিরে আসার জন্য ধন্যবাদ, কার্লিতোস’ লেখা ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন আর্জেন্টিনাকে ছিয়াশির বিশ্বকাপ জেতানো কিংবদন্তি, পরে যে ব্যানারটি গায়ে জড়িয়েই পুরো মাঠে ‘ল্যাপ অব অনার’ দেন সাবেক জুভেন্টাস স্ট্রাইকার।
তেভেজের ফিরে আসায় বোকার সমর্থকেরা কতটুকু উচ্ছ্বসিত তা অনুমান করার জন্য একটি তথ্যই যথেষ্ট—আরও দশ ঘণ্টা পরে অনুষ্ঠান শুরু হবে জেনেও স্থানীয় সময় সকাল নয়টা থেকেই স্টেডিয়ামে আসতে শুরু করেন তাঁরা।
ঘরে ফিরতে পেরে উচ্ছ্বসিত তেভেজ নিজেও। বোকায় ফিরে আসার পরিকল্পনা সব সময়ই ছিল তাঁর, ‘ছেড়ে যাওয়ার পর থেকেই সব সময় চিন্তা ছিল আবার এখানে ফিরে আসার। একা থাকা সব সময়ই কঠিন। প্রতি রোববারই এটা মনে হতো (যখন বোকা খেলত)।’ সমর্থকদের ভালোবাসার উত্তরে বললেন, ‘সমর্থকেরাই আমার পরিচয় এবং এই অনুভূতি পারস্পরিক।’
দেখা যাক, ‘কার্লিতোস’ সমর্থকদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারেন কি না! মেইল অনলাইন।