তেভেজের বিয়েতে চোরের হানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেভেজের বিয়ের আনন্দ ম্লান হয়ে গেছে চুরির খবরে। ছবি: টুইটার
তেভেজের বিয়ের আনন্দ ম্লান হয়ে গেছে চুরির খবরে। ছবি: টুইটার

সাধারণ যুক্তিবোধ বলে, বিয়ে বাড়িতে চোরের হানা না দেওয়াই ভালো। একে তো লোকের ভিড়ের কারণে উত্তম-মধ্যম বেশি জোটার শঙ্কা, তার ওপর রাতভর জেগে থাকা লোকের সংখ্যাও কম নয়। কিন্তু কার্লোস তেভেজের বিয়ের সময়টাকেই চোরের দল বেছে নিয়েছিল। তেভেজের বিয়েতেই যে বাড়ি পুরো ফাঁকা হয়ে গিয়েছিল!

গত বড়দিনের উৎ​সবে তেভেজ যখন উরুগুয়েতে তাঁর দীর্ঘ দিনের বান্ধবী ভানেসা মানসিলাকে বিয়ে করছিলেন, সে সময় বুয়েনস এইরেসে তাঁর বাড়িতে চোরের হানা। অনেক কিছুই লুটে নিয়ে গেছে চোরের দল। বিয়ের উদযাপনই ভেস্তে যাওয়ার দশা। তড়িঘড়ি করে ঘরে ফিরেছেন তেভেজ।
বড়দিনের সময়টায় তেভেজ তাঁর জীবনের সবচেয়ে বড় উৎসবে মেতেছিলেন। এ সময়ই খবর পেলেন, চোর ঢুকেছিল বাড়িতে। তেভেজ অবশ্য এ নিয়ে উচ্চবাচ্য করতে চাননি। পুলিশে নালিশ করেননি, মিডিয়ার কাছেও লুকোতে চেয়েছিলেন। লাভের লাভ কিছু তো হবে না। চুরি যাওয়া জিনিসও তো ফিরে আসবে না। কী কী চুরি গেছে তা অবশ্য জানা যায়নি।
তবে মধুচন্দ্রিমায় না গিয়ে আর্জেন্টিনা ফরোয়ার্ড যে চোর ধরতে ফিরে এসেছেন আর্জেন্টিনায়, এর থেকে অনুমান করা হচ্ছে, ঘটনা গুরুতরও হতে পারে। সূত্র: এএফপি।