তেভেজের শাপমোচন
মেসি, গ্যারাই, বানেগা, লাভেজ্জি...এরপর নিশ্চয়ই কার্লোস তেভেজ আসবেন। সবাইকে অবাক করে এলেন বিলিয়া, মিসও করলেন। এরপর রোহো পেনাল্টি নিতে এসে বিস্ময়ের মাত্রাটা আরও বাড়ালেন। তাহলে চার বছর আগের কোপাতেই উরুগুয়ের সঙ্গে সেই পেনাল্টি-ব্যর্থতার ভূত এখনো ভর করে আছে তেভেজের ওপর? শেষ পর্যন্ত এলেন, গোল করে দলকে নিয়ে গেলেন সেমিফাইনালেও। কিন্তু তেভেজকে আসলেই যে সেই স্মৃতিটা আচ্ছন্ন করে রেখেছে, সেটা কিন্তু সত্যি বলেই জানা গেল।
ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো স্বীকার করলেন, ‘ফুটবল কখনো কখনো এ রকম। আমি তেভেজকে প্রথম পাঁচজনের মধ্যে রাখিনি, কারণ আগেরবার সে পেনাল্টি মিস করেছিল। আমরা চেষ্টা করেছিলাম, ওকে যাতে নিতে না হয়। কিন্তু শেষ পর্যন্ত সুযোগটা ওর কাছেই এল। এটাই ফুটবল, আর কালকের শিরোনাম হবে ওর মুক্তি নিয়েই।’
এমন নয়, পেনাল্টি নিতে গেলে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কিছুদিন আগেও রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে মহামূল্যবান গোলটা তেভেজ পেনাল্টি থেকেই করেছিলেন। আর কত বড় বড় খেলোয়াড়ই তো টাইব্রেকার নামের লটারিতে অঙ্ক ভুল করে এসেছেন। তেভেজ কোচের অনাস্থার ব্যাপারে সরাসরি কিছু বলেননি, তবে জানিয়ে দিয়েছেন তিনি অপেক্ষায় ছিলেন, ‘ফুটবলে দ্বিতীয় সুযোগ আসবেই’।
অথচ টাইব্রেকারেই তাঁর থাকার কথা ছিল না। প্রথম একাদশে ছিলেন না, পরে গোলের জন্য মরিয়া মার্টিনো আগুয়েরোকে উঠিয়ে নামিয়ে দেন তেভেজকে। নির্ধারিত সময়ে খুব একটা সুযোগও পাননি। কে জানত, টাইব্রেকার-নাটক অপেক্ষা করে আছে? তেভেজ অবশ্য নিজে আলাদা কৃতিত্ব নেননি, ‘আজকের রাতটা আমার একার নয়, এটা আমাদের সবার। সবাই মিলেই ম্যাচটা জিতেছি, আমি সতীর্থদের নিয়ে গর্বিত।’
সেই গর্বটাও যে করতে পারবেন, সেটাই বা কে ভেবেছিল? সেই যে কোপার পর দল থেকে বাদ পড়েছেন, দীর্ঘ তিন বছর সইতে হয়েছে উপেক্ষা। গত বিশ্বকাপেও ২৩ জনের দলেই জায়গা পাননি। কিন্তু জুভেন্টাসের হয়ে দুর্দান্ত ফর্ম তেভেজকে ডাকতে বাধ্য করেছে মার্টিনোকে। কিন্তু তারায় ঠাসা আর্জেন্টিনা দলে সেভাবে সুযোগ পাচ্ছিলেন না। গ্রুপ পর্বেও বদলি হিসেবে নেমেও খুব একটা আলো কাড়তে পারেননি।
পরশু মাঠে নামার আগে তিনি কিন্তু জুভেন্টাসের খেলোয়াড় ছিলেন না। কৈশোরের ক্লাব বোকা জুনিয়র্সে সই করে নেমেছিলেন মাঠে। কাল নায়ক তাই জুভেন্টাসের নয়, বোকার তেভেজ! এএফপি, গোলডটকম।