তেরোর পথে রিয়ালের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর ফেরার ম্যাচ। সে জন্যই কিনা, অনুশীলনে মার্সেলোসহ অন্যদের নজরও থাকল রোনালদোর দিকে l রয়টার্স
তাঁর ফেরার ম্যাচ। সে জন্যই কিনা, অনুশীলনে মার্সেলোসহ অন্যদের নজরও থাকল রোনালদোর দিকে l রয়টার্স

চ্যাম্পিয়নস লিগের শুরু উপলক্ষে স্প্যানিশ দৈনিক মার্কা একটা বিশেষ প্রতিবেদন করেছিল গতকাল। গ্রুপ পর্বের ৩২টি দলের শক্তি-দুর্বলতার বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। তাতে রিয়াল মাদ্রিদের অংশটার শিরোনাম কী ছিল, জানেন? ‘দ্য ইনস্যাশিয়েবল কিং’—অতৃপ্ত রাজা! তা রিয়ালের শক্তির দিক কী? মার্কার চোখে, প্রতিদ্বন্দ্বিতার মনোভাব ও অভিজ্ঞতা। দুর্বলতা? আলভারো মোরাতা ও হামেস রদ্রিগেজের অভাব। আর প্রত্যাশা? ‘লা দেসিমোতেরসেরা’—ত্রয়োদশ শিরোপা!

খুব বেশি বাড়াবাড়ি কি প্রত্যাশাটা? মোটেও না! চ্যাম্পিয়নস লিগ শিরোপাকে তো বলতে গেলে নিজেদের সম্পত্তি করেই রেখেছে রিয়াল। সর্বশেষ চার বছরে জিতেছে তিনবার, যার মধ্যে সর্বশেষ টানা দুবার জিতে গড়েছে ইতিহাস—চ্যাম্পিয়নস লিগ যুগে শিরোপা ধরে রাখা প্রথম দল। রিয়ালের ইতিহাসে যা একাদশ ও দ্বাদশ ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা।

হ্যাটট্রিক ও ১৩তম শিরোপার পথে যাত্রায় এবার রিয়ালের গ্রুপটা পড়েছে কঠিন, যেটিকে বলা হচ্ছে মৃত্যুকূপ। তবে আজ রোনালদোদের প্রথম ধাপটা সহজই। ঘরের মাঠে প্রতিপক্ষ পুঁচকে আপোয়েল নিকোশিয়া। কঠিন ম্যাচটা বরং গ্রুপের অন্য দুই দলের, ওয়েম্বলিতে টটেনহামের সঙ্গে খেলবে বরুসিয়া ডর্টমুন্ড।

রিয়াল জিতবে কি না, এ নিয়ে সংশয় বোধ হয় খুব একটা নেই। তর্ক বরং রিয়াল কত গোলে জিততে পারে, তা নিয়েই হওয়ার কথা। দুই দলের এর আগের সাক্ষাৎও তা বলে। ২০১১-১২ মৌসুমে কোয়ার্টার ফাইনালে ওই মৌসুমেই প্রথমবার চ্যাম্পিয়নস লিগে আসা আপোয়েলকে দুই লেগ মিলিয়ে ৮-২ গোলে হারিয়েছিল রিয়াল।

আজ রিয়ালের গোল-উৎসবের সম্ভাবনা আরও বাড়ছে। ক্রিস্টিয়ানো রোনালদো যে ফিরছেন! স্প্যানিশ টুর্নামেন্টগুলোতে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড, যেটিতে আরও এক ম্যাচ বাকি আছে। কিন্তু চ্যাম্পিয়নস লিগে তা কার্যকর নয়। চোটের কারণে স্ট্রাইকার করিম বেনজেমাকে না পেলেও রোনালদোর পরশেই আজ দলের জড়ভাবটা কেটে যাওয়ার আশা হয়তো করছেন জিদান। লিগে যে ঘরের মাঠে সর্বশেষ দুই ম্যাচেই ড্র করেছে রিয়াল! মার্কা বলছে, এ নিয়ে খেলোয়াড়দের বকাঝকা করেছেন জিজু। গত মৌসুমের সাফল্যের পর অতি-আত্মবিশ্বাসী না হতে সতর্ক করে দিয়েছেন।

ডর্টমুন্ড-টটেনহামের তো অতি-আত্মবিশ্বাসী হওয়ার সুযোগই নেই। এই গ্রুপ থেকে শেষ ষোলোতে যেতে রিয়ালের সঙ্গে লড়াইয়ে তারা দল দুটি। আজ যারা জিতবে, তারাই একটু এগিয়ে যাবে। মানসিকভাবে অবশ্য ডর্টমুন্ডই ম্যাচের আগে এগিয়ে থাকবে। ২০১৫-১৬ মৌসুমে ইউরোপা লিগের শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে টটেনহামকে ৫-১ গোলে হারিয়েছিল ডর্টমুন্ড।

ধারে-ভারে দুই দলই কাছাকাছি, এমন আরেকটি ম্যাচ আছে আজ। অ্যানফিল্ডে লিভারপুল স্বাগত জানাবে সেভিয়াকে। ইয়ুর্গেন ক্লপের দলের জন্য সুখবর, দলবদল নাটক ও পিঠের চোট শেষে আজ একাদশে ফিরতে পারেন ফিলিপ কুতিনহো। সেভিয়ার সঙ্গে একটা হিসাব-নিকাশও বাকি আছে লিভারপুলের। দুই মৌসুম আগে ইউরোপা লিগের ফাইনালে যে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল সেভিয়া! উয়েফাডটকম।

আজ মুখোমুখি

গ্রুপ ‘ই’

লিভারপুল-সেভিয়া, মারিবর-স্পার্তা মস্কো

গ্রুপ ‘এফ’

ফেইনুর্ড-ম্যান সিটি, শাখতার-নাপোলি

গ্রুপ ‘জি’

পোর্তো-বেসিকতাস, লাইপজিগ-মোনাকো

গ্রুপ ‘এইচ’

রিয়াল মাদ্রিদ-অ্যাপোয়েল, টটেনহাম-ডর্টমুন্ড

** প্রথমে স্বাগতিক দল

টুকিটাকি

চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম খেলছে লাইপজিগ। ইউরোপের সর্বোচ্চ টুর্নামেন্টটির গ্রুপ পর্বে খেলা ১২তম জার্মান দল এটি

১৫ বছর পর আবার চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বে খেলছে ফেইনুর্ড

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে একটা ম্যাচেও জেতেনি গার্দিওলার ম্যানচেস্টার সিটি

ক্লাবের ইতিহাসে এই প্রথম টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে (বা ইউরোপিয়ান কাপ) খেলছে টটেনহাম

সর্বশেষ আট বছরে গ্রুপ পর্বে ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ