তোরের 'অপরাধ'
দুই মৌসুম আগেও দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন ছিল না। সেই ইয়াইয়া তোরে এখন প্রথম একাদশে দূরে থাক, চ্যাম্পিয়নস লিগের ২৫ জনের দলেই সুযোগ পান না। এমনকি লিগ কাপের মতো অগুরুত্বপূর্ণ ম্যাচেও তোরেকে নেওয়া হয়নি। নতুন কোচ পেপ গার্দিওলার সঙ্গে কী এমন হয়েছে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডারের? কিছু একটা যে হয়েছে, সেটা নিশ্চিত করলেন গার্দিওলাই। তোরের এজেন্ট দিমিত্রি সেলুকই আসলে ‘খলনায়ক’। চ্যাম্পিয়নস লিগের স্কোয়াড থেকে তোরে বাদ পড়ার পর সেলুক অভিযোগ করেছিলেন, আইভরিকোস্টের এই মিডফিল্ডারকে অবহেলা করছেন নতুন কোচ। কাল গার্দিওলা সরাসরিই জানিয়ে দিলেন, সেলুক তাঁর মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে তোরে আর দলে ফিরতে পারবেন না।
ক্লাব ক্যারিয়ার এখন ঝুলছে সুতোর ওপর, এর মধ্যে আন্তর্জাতিক ক্যারিয়ারকেও বিদায় বলে দিলেন চারবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার তোরে। ৩৩ বছর বয়সেই আইভরিকোস্ট-অধ্যায়ে ছেদ টেনে দিলেন তিনি। এএফপি, গোলডটকম।