ফেডারেশন কাপ দিয়ে আজ শুরু হয়ে যাচ্ছে নতুন ফুটবল মৌসুম। দলগুলো কেমন করবে নতুন মৌসুমে? শিরোপাপ্রত্যাশী দলগুলোকে নিয়ে এই ধারাবাহিকে আজ থাকছে ঘরোয়া ফুটবলের নতুন শক্তি সাইফ স্পোর্টিং

ঘরোয়া ফুটবলে এসেছে এক নতুন শিশু। নাম সাইফ স্পোর্টিং ক্লাব। শিশুটি হাঁটতে শিখবে, দৌড়াবে। পরিণত হয়ে মুখ উজ্জ্বল করবে, এমনটাই আশা বাবা-মায়ের।
সাইফ স্পোর্টিংয়ের ‘বাবা-মা’ হলো সাইফ পাওয়ারটেক। যেটির স্বত্বাধিকারী তরফদার রুহুল আমিন। হালের ফুটবলে বড় পৃষ্ঠপোষক। প্রিমিয়ার লিগ তো বটেই, নিচের দিকের সব লিগও পৃষ্ঠপোষণা করছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রাম আবাহনীকে আর্থিক পৃষ্ঠপোষণা দিয়ে আসছে কয়েক বছর ধরেই।
রুহুল আমিনের আসলে চট্টগ্রাম আবাহনীর জন্য একটি একাডেমি গড়ার পরিকল্পনা ছিল। তাই শফিকুল ইসলাম মানিককে কোচ করা হয়েছিল। কিন্তু সেই ‘প্রকল্প’ আলোর মুখ দেখেনি। চট্টগ্রাম আবাহনী ছেড়ে আসেন মানিক। এই ফাঁকে তরফদার নিজস্ব একটি দল গড়েছেন। বাফুফের আগামী নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ইচ্ছে আছে তাঁর, এমনটাই শোনা যাচ্ছে এদিক-ওদিক। এই সাইফ স্পোর্টিং তাঁর একটা চমক। গত বছর চ্যাম্পিয়নশিপ লিগে অভিষেকেই রানার্সআপ হয়ে শীর্ষ স্তরে উঠে আসা দলটির নতুন যাত্রা আজই শুরু।
নতুনদের নিয়ে একটা দল গড়ে তিন-চার বছর পর বড় দলে প্রতিষ্ঠা পেতে চাইছিল সাইফ। তাহলে এখনই কেন? সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরীর কথায়, ‘ভুটানের কাছে জাতীয় দলের হারের পর দেখলাম, এখনই দেশের ফুটবলকে টেনে তোলা দরকার। তাই প্ল্যান ‘এ’ থেকে প্ল্যান ‘বি’তে গেলাম। পরিকল্পনা না থাকলেও প্রথমবারেই বড় দল গড়েছি। বলতে পারেন তেড়েফুঁড়েই আমরা মাঠে নেমেছি।’
সেটিরই প্রমাণ, আবাহনীর ঘর ভেঙে আরিফুল, হেমন্ত, তপু বর্মণ, শাকিল, জুয়েল রানাকে ছিনিয়ে আনা। তারা শেখ রাসেল থেকে এনেছে দেশসেরা রক্ষণাত্মক মিডফিল্ডার জামাল ভূঁইয়াকে। আছেন সাইফের হয়েই খেলা চ্যাম্পিয়নশিপ লিগের সেরা খেলোয়াড় (স্ট্রাইকার) মতিন মিয়া। বাকিরা অবশ্য পরিচিত মুখ নয়। বড় ঘাটতিটা পোস্টের নিচে। জিকো, সাদ্দাম, পাপ্পুরা অখ্যাত গোলরক্ষক।
যদিও ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক কাগজে-কলমে তাঁর দলকে এক নম্বর দাবি করছেন। এক নম্বর দাবিটা অবশ্য একটু বাড়াবাড়িই মনে হতে পারে। কারণ সে অর্থে প্রতিষ্ঠিত ফুটবলার কমই। বরং ঢাকা আবাহনী, মোহামেডানে পরিচিত ফুটবলার বেশি। শেখ রাসেল-শেখ জামালও কম যায় না।
তাই সাইফের পথটা কুসুমাস্তীর্ণ নয়। যদিও দলটির লক্ষ্য এক নম্বর হয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়া। ডিফেন্ডার আরিফুল ইসলাম বলছিলেন, ‘দেশের সেরা হলে আন্তর্জাতিক ফুটবল খেলা যাবে, সাইফ আসলে এটাই চায়।’ কর্মকর্তারা বারবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্য কোনো দলের কর্তাদের মুখে এসব নিয়ে কোনো রা নেই...স্বপ্নের কথা নেই। সাইফ এই জায়গায় আলাদা।
দলটির কাছে, ‘মানি ইন নো প্রবলেম’। বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে ক্যাম্প চালাচ্ছে তারা। সেখানে গিয়ে দেখা যায়, পরিপাটি বাসস্থান এবং সব সুযোগ-সুবিধাই আছে খেলোয়াড়দের জন্য। আর্থিক সমস্যা নেই বলে সাইফ কন্ডিশনিং ক্যাম্প করে এসেছে কলকাতায়। বাংলাদেশের ফুটবলে এটা ব্যতিক্রমী উদাহরণ। শুধু তা-ই নয়, আগামীবার মালয়েশিয়া বা ইউরোপের কোথাও ক্যাম্প করার ইচ্ছে আছে দলটির!
সাইফ সব সময় নতুন কিছু ভাবে। তাই চ্যাম্পিয়নশিপ লিগেও বিদেশি কোচ এনেছিল। অথচ ওই লিগে বিদেশি কোচের কথা ভাবতেই পারে না অন্য দলগুলো। প্রিমিয়ারের অন্য দলগুলোয় দুজন বিদেশি কোচ নেই, যা আছে সাইফের।
তবে এখনো নিজস্ব ক্লাব টেন্ট বা অনুশীলন মাঠ না থাকাটা সাইফের বড় ঘাটতিই। অবশ্য দ্রুতই নিজস্ব অবকাঠামো গড়ার উদ্যোগ চলছে। কিন্তু কদিন আগে বিকেএসপিতে ক্যাম্প করে এসে এখন আবার মাঠসংকটে দলটি। পরশু সকাল আটটায় উত্তরায় আর্ম পুলিশ ব্যাটালিয়ন মাঠে দলবদল নিয়ে অনুশীলনে নেমে পড়লেন কোচ কিম গ্র্যান্ট। ভোরের বাতাস গায়ে মেখে অনুশীলনে ডুবে যান খেলোয়াড়েরা। যেতেই হবে, তেড়েফুঁড়ে উঠে দলটি যে নতুন কিছু করার স্বপ্ন নিয়ে এসেছে!
যাঁদের নিয়ে এই নতুন দল
জামাল ভূঁইয়া, আরিফুল, তপু বর্মণ, হেমন্ত, জুয়েল রানা, শাকিল, সাদ্দাম, জিকো, পাপ্পু, রাফি, জহুরুল, শওকত, রহমত, সাজ্জাদ, কবির, স্বাধীন, শাহরিয়ার লিংকন, আল আমিন, ইব্রাহিম, রহিম, মতিন, আলভিই ফকরো ফাপো, হ্যাম্বার ভ্যালেন্সিয়া, দেইনার কর্দোবা (শেষের দুজন কলম্বিয়ান)