তৈরি হচ্ছেন মুমিনুলও

বিসিবি একাদশ যখন ইংল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছিল ফতুল্লায়, বাংলাদেশ দল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে। মুমিনুল হক অবশ্য কোনোখানেই নেই। না থাকাটাই স্বাভাবিক। ইংল্যান্ড সিরিজের ওয়ানডে পুলেই নেই এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে নিশ্চিত, কদিন পরই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলের অপরিহার্য সদস্য হয়ে উঠবেন মুমিনুল।
টেস্ট সিরিজের জন্য তৈরি হচ্ছেন মুমিনুল। অবশ্য সামান্য চিন্তা আছে পিঠের চোট নিয়ে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিকিৎসা করাতে এসে এ নিয়ে ইতিবাচক কথাই শোনালেন, ‘চিকিৎসা চলছে। আশা করি, টেস্টের আগে ঠিক হয়ে যাবে।’
নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট খেললেও মুমিনুলের এখনো খেলা হয়নি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়ার সঙ্গে অবশ্য একটি টি-টোয়েন্টি খেলেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর একমাত্র ইংল্যান্ডের সঙ্গেই কোনো ম্যাচই খেলা হয়নি তাঁর। এবার শূন্যস্থানটা পূরণের সুযোগ তাঁর সামনে। যদিও এ নিয়ে বাড়তি রোমাঞ্চ নেই মুমিনুলের, ‘এই সিরিজ নিয়ে দলের অন্য সবার মতোই ভাবছি। শুধু টেস্ট নয়, চেষ্টা করি যেখানেই খেলি ভালো করার। তবে এই সিরিজ নিয়ে আলাদা রোমাঞ্চ-টোমাঞ্চ কাজ করছে না!’
জুলাই–আগস্টে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে থাকলেও মুমিনুল বাংলাদেশ দল থেকে ‘বিচ্ছিন্ন’ আফগানিস্তান সিরিজের আগে ওয়ানডে পুল ঘোষণার পর থেকেই। রঙিন পোশাকে বাংলাদেশ দলের দরজাটা তাঁর জন্য বন্ধ—দীর্ঘশ্বাসটা এবারও পড়ছে। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ১৬ ম্যাচে ১ সেঞ্চুরি, ৭ ফিফটিতে ৪১.৯৩ গড়ে ৬৭১ রান করেও ব্রাত্য। মুমিনুলও চান না হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। তিনি বরং চোখ রাখতে চান বর্তমানে। তাই টেস্টের জন্যই তাঁর প্রস্তুতি, ‘আমার প্রস্তুতি আল্লাহর রহমতে ভালো। কদিন জাতীয় লিগের একটা ম্যাচ খেলেছি। ব্যাটিং খারাপ হয়নি।’
‘খারাপ’ না হলেও মুমিনুলের ব্যাটিং নিশ্চয়ই আরও ভালো হতে পারত। চট্টগ্রামের হয়ে রংপুরের বিপক্ষে দুই ইনিংসে করেছেন ৪৬ ও ৬২ রান। ঢাকা প্রিমিয়ার লিগেও থিতু হয়ে তাঁর আউট হওয়ার দৃশ্য দেখা গেছে নিয়মিতই। মুমিনুল সর্বশেষ ৫ টেস্টে দুবার আউট হয়েছেন ৬৮ ও ৮০ রান করে। হাফ সেঞ্চুরিকে কেন তিন অঙ্কে রূপ দিতে পারছেন না, সেটির উত্তর খুঁজছেন নিজেও, ‘এই সমস্যা থেকে বেরিয়ে আসতে কাজ করছি। এবার ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরি করতে পারলে আশা করি সব ঠিক হয়ে যাবে।’
গত দুই বছর দেশের মাটিতে বাংলাদেশ ধারাবাহিক সাফল্য পাওয়ায় আসন্ন ওয়ানডে সিরিজেও ইংলিশ অধিনায়ক জস বাটলার এগিয়ে রেখেছেন বাংলাদেশকে। কিন্তু টেস্টে কি মুশফিকরা এগিয়ে থাকবেন? যদিও ২০১৪ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ৮ টেস্টে জিতেছে ৩টিতে, ড্র ৪ ও হেরেছে একটিতে। তিনটি জয় জিম্বাবুয়ের বিপক্ষে আর বেশির ভাগ ড্র-ই বৃষ্টির কল্যাণে। তবু মুমিনুলকে আত্মবিশ্বাসী করছে পরিসংখ্যান, ‘টেস্টেও আমরা ভালো খেলব। পরিসংখ্যান দেখুন, দেশের মাটিতে সর্বশেষ সিরিজগুলোয় আমরা খুব খারাপ খেলিনি। এখন তো দল আরও শক্তিশালী।’
কদিন আগে বাংলাদেশ দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে দেখা করতে এলে কোর্টনি ওয়ালশের সঙ্গে মুমিনুলকে পরিচয় করে দিয়ে তাঁর উচ্চতা নিয়ে বেশ রসিকতা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ওয়ালশ কি তাঁকে চিনতেন? মুমিনুল নিশ্চিত নন, ‘চিনতে পারে হয়তো। এবার ভালো খেললে আরও ভালোভাবে চিনে যাবে।’
মুমিনুল ব্যাট হাতেই নিজেকে চেনাতে চান, সব সময়!