
সমালোচনা আর হোসে মরিনহো—যেন দুজনে দুজনার। নতুন করে আবার বিতর্কে জড়িয়েছেন চেলসি কোচ। এবার অবশ্য ‘ঘরের শত্রু বিভীষণ’ চেলসিরই চিকিৎসক দলের সদস্য ইভা কার্নেইরো। ঘটনার শুরু গত সপ্তাহে সোয়ানসির সঙ্গে প্রিমিয়ার লিগের ম্যাচে। খেলার তখন অন্তিম সময়, চেলসি খেলছে দশজন নিয়ে। এডেন হ্যাজার্ড চোট পাওয়ায় তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়, চেলসি হয়ে যায় নয়জনের দল। কার্নেইরোর এই কাজ মরিনহোর পছন্দ হয়নি। ম্যাচ শেষে প্রকাশ্যেই বলেছিলেন, চেলসির চিকিৎসক দল খেলা বোঝে না। পরে সেটার জন্য শাস্তিও পেতে হয়েছে কার্নেইরোকে। চাকরি থাকলেও চেলসির খেলোয়াড়দের সঙ্গে মাঠে থাকার অধিকার হারিয়েছেন। তবে মরিনহোকেও পড়তে হয়েছে তুমুল সমালোচনার মুখে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুণ্ডুপাত তো চলছেই, কাল ইংল্যান্ডের চিকিৎসকেরাও কাজটাকে ‘দুঃখজনক’ ও ‘আপত্তিকর’ বলছেন। কার্নেইরো চেলসির বিরুদ্ধে মামলা করতে পারেন বলেও শোনা যাচ্ছে! এএফপি।