তোরেসদের গোল মিসে খেপেছেন জাভি

বার্সেলোনার খেলোয়াড়দের গোলমিসে হতাশ, ক্ষুব্ধ জাভিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের বাজনা শুনলেই নাকি রাগ লাগে জাভি হার্নান্দেজের। সেটা তাঁর লাগতেই পারে। খেলোয়াড়ি জীবনে দলের হয়ে ইউরোপা লিগে খেলা ছিল যার দুঃস্বপ্ন, সেই খেলোয়াড়ই কিনা কোচ হিসেবে দায়িত্ব নিয়ে সেই একই দলকে নিয়ে গেছেন ইউরোপের দ্বিতীয় স্তরের এই টুর্নামেন্ট খেলতে। চ্যাম্পিয়নস লিগে গোটা ক্যারিয়ারে দাপিয়ে বেড়ানো সেই জাভির তো চ্যাম্পিয়নস লিগের বাজনা শুনলে রাগ হবেই।

কিন্তু কাল রাতে জাভির রাগকে রীতিমতো ক্ষোভে পরিণত করেছে তাঁর শিষ্যরাই। নাপোলির বিপক্ষে ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্রথম লেগে বার্সেলোনা ড্র করেছে ১-১ গোলে। পিছিয়ে পড়ে পেনাল্টি থেকে গোল শোধ করে ড্র করলেও ম্যাচটা জিততে পারত বার্সাই, কিন্তু সেটি হয়নি। কারণ বার্সেলোনা ফরোয়ার্ডদের গোল মিসের মহড়া। আর এতেই চটেছেন কোচ জাভি।

বার্সেলোনা ম্যাচটা জিততে পারত বলেই মনে করেন জাভি
ছবি: রয়টার্স

পোলিশ মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কির গোল ২৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল নাপোলি। তখন মনে হয়েছিল, হারের শঙ্কাটাই সত্যি হতে চলেছে। এ মুহূর্তে বার্সেলোনা দলের যে অবস্থা, তাতে নাপোলিকে যথেষ্ট শক্ত দলই মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত অঘটনটা ঘটেনি। ম্যাচে আধিপত্য ছিল বার্সারই। যদিও পেনাল্টি থেকে গোল শোধ করতে ৫৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কাতালানদের। পেনাল্টি থেকে বার্সেলোনার মান বাঁচিয়েছেন সিটি থেকে দলে আসা ফরোয়ার্ড ফেরান তোরেস।

তোরেসের সঙ্গে নতুন আসা আরও দুই খেলোয়াড় আদামা ত্রাওরে আর পিয়েরে-এমেরিক অবামেয়াং দিয়ে নাপোলিকে কাল ভালোই চেপে ধরেছিল বার্সেলোনা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে দিয়েও কাজের কাজটা করতে পারেনি। সেটি হয়নি ফরোয়ার্ডদের ব্যর্থতার কারণে। গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো ম্যাচটা ড্র হয় না, বিজয়ীর বেশে মাঠ ছাড়তে পারত বার্সেলোনা।

২০টি গোলের সুযোগ তৈরি করেছিল বার্সেলোনা, যার ৬–৭টি থেকে গোল হতেই পারত
ছবি: রয়টার্স

এমন সব সহজ সুযোগ নষ্ট করলে যেকোনো কোচই খেপবেন সেই খেলোয়াড়দের প্রতি। জাভিও ব্যতিক্রম নন। তাঁর ভাষ্যেই ফুটে উঠেছে, তিনি ভেতরে-ভেতরে প্রচণ্ড ক্ষুব্ধ, হতাশ, ‘গোল মিসের মহড়া আমাকে দুঃখ দিয়েছে। এটা আমাকে ক্ষুব্ধও করেছে, বার্সেলোনা যেভাবে গোল মিস করেছে, সেটি দেখে। এ ম্যাচ তো আমাদেরই জেতার কথা।’

নাপোলির বিপক্ষে জয়ই হাতছাড়া করেছে বার্সেলোনা
ছবি: রয়টার্স

গোল খেয়ে পিছিয়ে পড়ে ২০টি সুযোগ তৈরি করেছিল বার্সেলোনা। এর মধ্যে কয়েকটি ছিল প্রায় নিশ্চিত সুযোগ। জাভিকে ভাবাচ্ছে দলের খেলোয়াড়েরা কীভাবে এই সুযোগগুলো হাতছাড়া করলেন, ‘আমরা যখন এক গোলে পিছিয়ে ছিলাম, তখন যে সুযোগগুলো আমরা তৈরি করেছি, সেগুলোর ৬-৭টি থেকে গোল হতেই পারত। পরিষ্কার সুযোগ। কিন্তু আমরা পারিনি। সবাই দেখেছেন, নাপোলির বিপক্ষে ম্যাচে বার্সেলোনার মূল সমস্যা ছিল গোল করতে না পারা।’

৬-৭টি না হলেও ম্যাচটা অন্তত দুই গোলে জেতা উচিত ছিল বলেই মনে করেন জাভি, ‘এ ম্যাচে জয়ই পেতে পারতাম আমরা। আমাদের তা পাওয়া উচিত ছিল। সত্যি কথা বলতে কি, কমপক্ষে দুই গোলে আমাদের জেতা উচিত ছিল। মনে রাখতে হবে, আমরা ইউরোপা লিগে খেলছি। তবে এটার চেয়েও বড় কথা, আমরা ম্যাচটা জিততে পারিনি।’

ন্যু ক্যাম্পে ড্র করার পর নেপলসে ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে মাঠে নামবে বার্সেলোনা।