তোরেসের গুরুদক্ষিণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের পর শৈশবের গুরু অ্যাঙ্গেল ম্যানুয়েল ব্রিনাসের সঙ্গে তোরেস  l এএফপি
ম্যাচের পর শৈশবের গুরু অ্যাঙ্গেল ম্যানুয়েল ব্রিনাসের সঙ্গে তোরেস l এএফপি

গোলের পরই ইতিউতি খুঁজছিলেন লোকটাকে। ম্যাচ শেষ হতেই অশীতিপর লোকটাকে দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন ফার্নান্দো তোরেস। নিজের জার্সিটি খুলে সেটি তুলে দিলেন এই বৃদ্ধের হাতে। কিন্তু লোকটা কে? পরশু এইবারের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে শততম গোল করেছেন তোরেস। সেটির উদ্যাপনের জন্য এমন ব্যাকুল হয়ে ওই লোকের কাছে ছুটে গেলেন কেন?
উত্তরটা জানার জন্য ২১ বছর আগে ফিরে যেতে হবে। তোরেসের বয়স তখন ১০ বছর, স্থানীয় দল রায়ো থার্টিনের হয়ে গোলের পর গোল করছেন। এমন সময় অ্যাটলেটিকো মাদ্রিদে ট্রায়াল দেওয়ার সুযোগ পেয়ে গেলেন। রায়ো থেকে আরও ১২ জন সুযোগ পেয়েছিল, সব মিলে প্রায় ২০০ স্কুলবালক ছিল ওই ট্রায়ালে। তবে এর মধ্যেই অ্যাটলেটিকোর তখনকার একাডেমি কোচ অ্যাঙ্গেল ম্যানুয়েল ব্রিনাসের চোখে পড়ে যান। ব্রিনাস তখনই ক্লাবকে বোঝান, এ ছেলেকে হাতছাড়া করা যাবে না। ব্যস, তোরেস হয়ে গেলেন অ্যাটলেটিকোর। এর পর নিজেকে অনেক উঁচুতে তুলে পরিচিতি পেয়েছেন ‘এল নিনো’, কিন্তু শৈশবের দীক্ষাগুরুকে ভোলেননি। পরশু মাইলফলক গড়ে তাঁর কাছ থেকেই আশীর্বাদ নিলেন। ম্যাচটাও অ্যাটলেটিকো জিতেছে ৩-১ গোলে।
ব্রিনাসেরও এখন বয়স হয়ে গেছে ৮০। ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়, কিন্তু ফুটবলের মায়া এখনো কাটাতে পারেননি। ক্রাচে ভর দিয়েই মাঠে চলে আসেন। ক্লাবের বলবয়দের দেখভালের দায়িত্বটাও নিজের কাছেই রেখেছেন।
তোরেসের কাছ থেকে এ রকম উপহার আগেও পেয়েছেন। ২০০৭ সালে লিভারপুলে নাম লেখানোর পর তোরেস প্রথম হ্যাটট্রিকটা পেয়েছিলেন রিডিংয়ের বিপক্ষে। ওই ম্যাচের জার্সিটাও পরে গুরুকে উপহার দিয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার। এএস।