তোরেসের নতুন ঠিকানা মিলান

ক্লাব ফুটবলে সময়টা ভালো যাচ্ছিল না ফার্নান্দো তোরেসের। ২০১১ সালে চেলসিতে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগের চার মৌসুমে ১১০টি ম্যাচ খেলে করেছেন মাত্র ২০টি গোল। এবারের মৌসুমের শুরুতে চেলসিতে এসেছেন ডিয়েগো কস্তা, সেস ফ্যাব্রেগাস, দিদিয়ের দ্রগবার মতো পরীক্ষিত স্ট্রাইকাররা। তোরেস যে প্রথম একাদশে খুব বেশি সুযোগ পাবেন না সেটা সহজেই অনুমান করা যায়। চেলসিও তোরেসকে অযথা বসিয়ে না রেখে ধারে অন্যত্র পাঠিয়ে দেওয়াই ব্যবসায়িক দিক দিয়ে লাভজনক মনে করছে। সবকিছু ঠিক থাকলে আজ-কালের মধ্যেই এসি মিলানে যোগ দিতে যাচ্ছেন এই স্প্যানিশ স্ট্রাইকার।
তোরেসের সঙ্গে খুব সম্ভবত মিলানের চুক্তি হতে যাচ্ছে দুই বছরের। মারিও বালোতেল্লি লিভারপুলে চলে যাওয়ার পর হঠাত্ করেই স্ট্রাইকার সংকটে পড়েছে এসি মিলান। বালোতেল্লির জায়গাটাই হয়তো এখন তোরেসকে দিয়ে পূরণ করতে চাইছে ইতালির অন্যতম সেরা এই ক্লাবটি। বালোতেল্লির ৯ নম্বর জার্সিটাই হয়তো দেখা যাবে তোরেসের গায়ে।
স্পেন-ইংল্যান্ড ঘুরে এবারই প্রথমবারের মতো ইতালিয়ান লিগে খেলতে যাচ্ছেন তোরেস। কিন্তু এসি মিলানে যাওয়ায় এবারের চ্যাম্পিয়নস লিগটা খেলার সুযোগ পাবেন না তোরেস। গত মৌসুমে অষ্টম স্থান নিয়ে লিগ শেষ করায় এবারের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ কোনোটাতেই সুযোগ পায়নি ইতালির অন্যতম শীর্ষ এই ক্লাবটি। সূত্র: গোল ডটকম।