তোরেসের সেরাটা বের করবেন ইনজাগি

কোচের সঙ্গে খেলোয়াড়ের রসায়নটা দারুণ হলেই সাফল্য ধরা দেয় করতলে। এ ক্ষেত্রে ফার্নান্দো তোরেসের কপাল ‘খারাপ’ নাকি ‘ভালো’—বলা মুশকিল। তবে দারুণ প্রতিভাবান এই স্ট্রাইকারের গত তিনটা বছর কেটেছে একদম যাচ্ছেতাই । এমন একটা পরিস্থিতিতে তাঁর নতুন কোচ ফিলিপ্পো ইনজাগি কথা দিলেন, তোরেসের সেরাটা তিনি বের করে আনবেন।
২০১১ সালে তখনকার রেকর্ড ছয় কোটি ইউরোতে লিভারপুল থেকে চেলসিতে এসেছিলেন। কিন্তু স্টামফোর্ড ব্রিজে এসে প্রত্যাশার প্রতিদান দিতে পারলেন না এ স্ট্রাইকার। কিন্তু কেন, কেন পারলেন না তোরেস? সে উত্তর পাওয়া কঠিন বটে। এ মৌসুমে দুই বছরের ধারে তোরেস এখন এসি মিলানে।
মিলান কোচ ইনজাগি জানাচ্ছেন, প্রতিভার অপচয় হতে দিতে রাজি নন তিনি। বললেন, ‘তোরেসের সঙ্গে কথা বলেছি। যদিও তার স্বাস্থ্য পরীক্ষাটা এখনো বাকি। ও কী ধরনের মানুষ সেটি বুঝতে পেরেছি। সবকিছুই ইতিবাচক মনে হয়েছে। প্রতিভা অনুযায়ী তার খেলা ফিরিয়ে আনাই হবে আমার কাজ। ওর সেরটা কীভাবে বের করতে হবে, তা নিয়ে ভাবতে হবে।’ সূত্র: রয়টার্স।