তৌহিদুলের পর বাঙ্গুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুম আবাহনীর বেঞ্চে কাটিয়ে চলতি মৌসুমে মোহামেডানকে ঠিকানা বানিয়েছেন তৌহিদুল আলম সবুজ। সাদা-কালোর নয়া ‘নম্বর টেনের’ সঙ্গী বিজেএমসি ছেড়ে আসা ইসমাইল বাঙ্গুরা। দুজনের কল্যাণে কাল রাতে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে মোহামেডান।

ফরাশগঞ্জের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় এল দুই ম্যাচ পর। শেখ রাসেল ও ব্রাদার্সের কাছে গত দুই ম্যাচেই ১-০ ব্যবধানে হার। কাল পঞ্চম ম্যাচে তৃতীয় জয় পয়েন্ট টেবিলে মোহামেডানকে আনল একটু ভদ্রস্থ জায়গায়।

দুটি গোলই দ্রুতগতির আক্রমণের ফসল। ৪০ মিনিটে মোবারকের শট ফরাশগঞ্জ গোলরক্ষক পুরোপুরি ফেরাতে পারেননি। তৌহিদুল ফাঁকা পোস্টে বল ঠেলে দুই ম্যাচ পর মোহামেডানকে দেখান গোলের মুখ।

কিন্তু ৫১ মিনিটে মোহামেডানের অফসাইড ফাঁদ এড়িয়ে ১-১ করে ফেলে ফরাশগঞ্জ। নাইজেরিয়ান ফরোয়ার্ড আকিনেলির প্লেসিংয়ে পরাস্ত সাদা-কালোদের গোলরক্ষক নেহাল। এই গোলে কোথায় আত্মবিশ্বাস বাড়বে ফরাশগঞ্জের, তা নয় উল্টো আগের ৩ ম্যাচেই পয়েন্টশূন্য দলটি থিতু হয়েই দাঁড়াতে পারল না। ৪০-৪৫ সেকেন্ডের মধ্যেই গোল! জুয়েল রানার ক্রস থেকে বাঙ্গুরার হেড জালে!

তারুণ্যনির্ভর মোহামেডান এরপর তৃতীয় গোলের সন্ধানে কয়েকবার হানা দিয়েছে ফরাশগঞ্জের রক্ষণে। তবে গোল আর তারা আদায় করতে পারেনি। ফরাশগঞ্জও ২-২ করার মিশনে ঝাঁপিয়ে শেষ পর্যন্ত বিফল।

মোহামেডানের অনভিজ্ঞ তরুণেরা বড় দলের জার্সির ভারে মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলেছেন। দুটি পাস ঠিকঠাক করে ভুল করে ফেলছে তৃতীয় পাসে। কেউ কেউ আবার অত্যুৎসাহে সুবিধাজনক জায়গায় বল পেয়েও নষ্ট করেছেন।

ফরাশগঞ্জের আগের সেই প্রতিরোধক্ষমতা এবার অনেকটাই ক্ষয়ে গেছে। ৪ ম্যাচে এরই মধ্যে হজম করেছে ১১ গোল। অবনমন বাঁচানোই কঠিন হয়ে পড়ে কি না কে বলতে পারে!

ফেনী সকারের জয়

চতুর্থ ম্যাচে এসে জয় দেখল ফেনী সকার। আবাহনীর সঙ্গে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করা রহমতগঞ্জকে কাল দিনের প্রথম ম্যাচে তারা হারাল ১-০ গোলে। ৪০ মিনিটে শাহরানের পা থেকে এসেছে জয়সূচক গোলটি। শেষ মুহূর্তে সকার ১০ জনের দল হলেও স্কোরলাইনে প্রভাব পড়েনি।

প্রথম ৩ ম্যাচে পয়েন্টশূন্য সকার পয়েন্টের খাতা অবশেষে খুলতে পারল। ৪ ম্যাচে ৪ পয়েন্ট রহমতগঞ্জের।