ত্রিশে ত্রিশ বেনজেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করিম বেনজেমা
করিম বেনজেমা

করিম বেনজেমা চাইলে এখন ক্রিস্টিয়ানো রোনালদোকে বলতে পারেন, ‘তুমি আর আমি তো কীর্তিতে সমান!’ আরেকটু রং চড়াতে লিওনেল মেসিকেও বলে বসতে পারেন, ‘ওহে, আমি তো তোমাকে ছাড়িয়েই গেলাম।’
কী কীর্তি? স্প্যানিশ লিগে সব প্রতিপক্ষের বিপক্ষে গোল করা। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে আসার পর এ পর্যন্ত লিগে ৩০টি দলের মুখোমুখি হয়েছিলেন বেনজেমা, গত শনিবারের আগে গোল করেছিলেন ২৯টির বিপক্ষেই। বাকি ছিল শুধু লাস পালমাস, সেই হিসাবও চুকিয়ে দিলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার।
এমন গর্ব এর আগে ছিল শুধু রোনালদোর। স্প্যানিশ লিগে মুখোমুখি হওয়া ৩০ দলের প্রতিটির বিপক্ষেই গোল করেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ডও। মজার ব্যাপার, রোনালদো গত বছরের অক্টোবরে কীর্তিটা গড়েছিলেন এই লাস পালমাসের বিপক্ষেই গোল করে। ১৩ বছর বিরতির পর গত মৌসুমে প্রথম বিভাগে উঠে আসে ক্যানারি আইল্যান্ডের দলটি। রোনালদো প্রথম সাক্ষাতেই গোল পেলেও গতবার দুই ম্যাচে তাদের বিপক্ষে গোল পাননি বেনজেমা।
অপেক্ষাটা ফুরাল শনিবার। ম্যাচের ঘড়িতে ঘণ্টা পেরোনোর পর মাঠে নেমেছিলেন, তিন মিনিট পরই পেলেন গোল। ২৮ বছর বয়সী স্ট্রাইকারের গোলে রিয়াল ম্যাচে দ্বিতীয়বার এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয়টা আর পাওয়া হয়নি। ২-২ ড্রয়ের রাতেই এমন কীর্তি গড়েছেন বেনজেমা। মার্কা।