ত্রয়ীর ঝলকে স্বরূপে বার্সা

৯৮ হাজার ধারণক্ষমতার ন্যু ক্যাম্পে দর্শক টেনেটুনে ২৭ হাজার! এ মৌসুমে বার্সেলোনার মাঠে এর চেয়ে কম দর্শক আসেনি আর কোনো ম্যাচে। কার প্রতি ক্ষোভে সমর্থকদের হঠাৎ এমন মাঠবিমুখতা সেটা বুঝতেও দেরি হলো না। খেলা শুরুর কিছুক্ষণ পর থেকেই কোচ লুইস এনরিকের নামে দুয়ো, জয়ধ্বনি হলো লিওনেল মেসির নামে।
এনরিকের সঙ্গে মেসির দ্বন্দ্ব এখন বিশ্ব ফুটবলেই সবচেয়ে বড় আলোচনার খোরাক। দুজনের ব্যক্তিত্বের সংঘাত, রিয়াল সোসিয়েদাদের সঙ্গে লা লিগার ম্যাচে মেসিকে একাদশে না রাখা, পরদিন মেসির অনুশীলন বর্জন—সব মিলিয়ে ন্যু ক্যাম্পে অস্থির হাওয়া কয়েক দিন ধরে। এই বিতর্কে ক্লাবের বেশির ভাগ সমর্থক কোন পক্ষে সেটাই যেন বুঝিয়ে দিল পরশু রাতের ন্যু ক্যাম্প। আর মেসি আরও একবার দেখালেন কেন তাঁর নামে জয়ধ্বনি হয়। গোল করলেন, করালেন জর্ডি আলবাকে দিয়ে। সঙ্গে নেইমারের জোড়া গোল আর লুইস সুয়ারেজের এক গোলে কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনা ৫-০-তে উড়িয়ে দিল এলচেকে। বড় জয়ে আপাতত ন্যু ক্যাম্পে স্বস্তির হাওয়া। তবে সবচেয়ে বেশি স্বস্তিতে বোধ হয় এনরিকে নিজে।
গত রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার প্রথম একাদশে ছিলেন না মেসি-নেইমার। ম্যাচটি হেরে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন এনরিকে। পরশু আর এই ঝুঁকি নেননি বার্সেলোনা কোচ। মেসি-নেইমার-সুয়ারেজ-মাচেরানো-পিকে সবাইকে রেখে সম্ভাব্য সেরা একাদশটাই নামালেন মাঠে। আর মাঠের বাইরে বিতর্ক দূরে সরিয়ে জ্বলে উঠলেন বার্সেলোনার খেলোয়াড়েরাও। প্রথম গোলের জন্য অবশ্য অপেক্ষা ছিল ৩৪ মিনিটের। সুয়ারেজের দারুণ পাসে নেইমারের সহজ গোলের পর প্রথমার্ধের বাকি সময়টা ও দ্বিতীয়ার্ধের শুরুতে ঝড় বয়ে যায় এলচের ওপর দিয়ে। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। বিরতির ঠিক আগেই পেনাল্টি গোলে ৩-০ করেন মেসি। আরদ্বিতীয়ার্ধের মিনিট পনেরোর মধ্যে আলবা আর নেইমার গোল করেন আরও দুটি।
অবশ্য এমন জয়ের পরও প্রশ্ন উঠছে, লা লিগায় পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা এলচের বিপক্ষে ন্যু ক্যাম্পে যদি সেরা একাদশ নামানো যায়, তাহলে সোসিয়েদাদের সঙ্গে ম্যাচে কেন মেসি-নেইমারকে একাদশে রাখেননি এনরিকে? বিশেষ করে সোসিয়েদাদ এই মৌসুমেই এর আগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে এটা জানার পরও!
বিতর্কিত এসব বিষয় নিয়ে ম্যাচ শেষে কথা বলতে চাননি নেইমার, ‘সাজঘরে কী ঘটেছে, তা বলতে পারব না। ম্যাচটা যে দল জিতেছে তাতেই খুশি। অনেক ভালো লাগছে মেসি-সুয়ারেজের জন্যও। রোববার (লা লিগায়) অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও আমাদের এভাবেই জ্বলে উঠতে হবে।’
এই বিতর্কের মাঝেই মেসি ইনস্টাগ্রামে চেলসি এবং চেলসির কয়েকজন খেলোয়াড়কে অনুসরণ শুরু করায় আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছিল। তবে ওটাকে এখন শুধু গুঞ্জনই মনে করেন মেসির সাবেক সতীর্থ ও চেলসি মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রিগাস, ‘লিও বার্সায় খুশি, বার্সাও লিওকে নিয়ে খুশি। আমার মনে হয় ব্যক্তিগত সম্পর্কের কারণে মেসি আমাকে ইনস্টাগ্রামে অনুসরণ করছে। আমিও তো অন্য ক্লাবের অনেক খেলোয়াড়কে অনুসরণ করি।’ মার্কা, এএফপি।