থমকে গেল বায়ার্ন, ডি মারিয়ায় উদ্ধার পিএসজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রয়ে হতাশ ভিদাল-রোবেনরা। ছবি: এএফপি
ড্রয়ে হতাশ ভিদাল-রোবেনরা। ছবি: এএফপি

লেভারকুসেন পারল না, পারল না ভেরডার ব্রেমেনও। ডর্টমুন্ড-ভলফসবুর্গ তো উড়েই গেল। গোল আর জয় যাদের অন্য নামই হয়ে যাচ্ছিল, সেই বায়ার্ন মিউনিখকেই কি না নিজেদের মাঠে নখদন্তহীন করে দিল ‘পুঁচকে’ এইনট্রাঙ্খট ফ্রাঙ্কফুর্ট! লিগে টানা দশ ম্যাচে জয় পাওয়া বায়ার্নের এটা মৌসুমে প্রথম ড্র।

স্প্যানিশ লিগে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। কাল দেপোর্তিভো লা করুনার মাঠে জিতলে অন্তত ২৪ ঘণ্টার জন্য লিগের শীর্ষে ওঠার সুযোগ ছিল ডিয়েগো সিমিওনের দলের। হলো না, নিজেদের ভুলে ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। ফ্রেঞ্চ লিগের এক ম্যাড়ম্যাড়ে ম্যাচে অ্যাঙ্গেল ডি মারিয়া জিতিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)।

অ্যাটলেটিকো-দেপোর্তিভো ম্যাচের একটি দৃশ্য।
অ্যাটলেটিকো-দেপোর্তিভো ম্যাচের একটি দৃশ্য।

ফ্রাঙ্কফুর্টে অমন ফল এসেছে বড় চমক হয়েই। লিগে এর আগের দশ ম্যাচে প্রতিপক্ষের জালে ৩৩ বার বল ফেলেছে বাভারিয়ানরা। আর রবার্ট লেভানডফস্কির আগুনে ফর্মের ব্যাপারটি তো ছিলই। ম্যাচের প্রিভিউতে লিগের ১২ নম্বরে থাকা দলটিকে বায়ার্ন কয় গোল দেবে সেটিই ঘুরে ফিরে হয়তো এসেছিল। অথচ ম্যাচ শেষে ফল ০-০!

টমাস মুলারকে বেঞ্চে বসিয়ে রেখেই ম্যাচটা শুরু করেছিল বায়ার্ন। তাঁর জায়গায় ছিলেন কাপের ম্যাচে দলের বাইরে থাকা আরিয়েন রোবেন। পুরো ম্যাচ জুড়ে বলের দখল ছিল বায়ার্নের কাছেই—৭৪ শতাংশ। তবে ফ্রাঙ্কফুর্টের জমাট রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে পারছিলেন না তাদের ফরোয়ার্ডরা। প্রথমার্ধে একমাত্র বলার মত সুযোগ ছিল কেবল ১১ মিনিটে আর্তুরো ভিদালের হেডটাই।

বিরতির ১০ সেকেন্ড পরই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বায়ার্নের। ডগলাস কস্তার শট থেকে ফ্রাঙ্কফুর্টকে বাঁচিয়ে দিলেন গোলরক্ষক লুকাস রাডেকি। রোবেন দুটো সুযোগ মিস করেছেন, শেষ দিকে মুলারের পেনাল্টি আবেদনেও সাড়া দেননি রেফারি। তবে রাতটা যে বায়ার্নের হচ্ছে না সেটা বোঝা গেছে ম্যাচ শেষের ১০ মিনিটের আগেই। শুনতে আশ্চর্যজনক লাগবে, গোল মিস করেছেন লেভানডফস্কিও। ভাগ্যও এদিন পাশে ছিল না,৮৯ মিনিটে পোলিশ স্ট্রাইকারের একটা গোল বাতিল হয়ে গেছে অফসাইডের অজুহাতে। শেষ পর্যন্ত মৌসুমের ‘নিখুঁত’ শুরুটাকে জলাঞ্জলি দিয়েই বাড়ি ফিরতে হয়েছে বায়ার্নকে।

বায়ার্নের মতোই হতাশার রাত গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের। বার্সা-রিয়াল মাঠে নামবে আজ, তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর সামনে সুযোগ ছিল টানা চতুর্থ ম্যাচ জিতে অল্প সময়ের জন্য হলেও লিগ শীর্ষে ওঠার। পারল না তারা ডিফেন্ডার হোসে মারিয়া জিমেনেজের পাগলামিতে।

গোলের পর ডি মারিয়ার সেই পরিচিত উল্লাস
গোলের পর ডি মারিয়ার সেই পরিচিত উল্লাস

প্রথমার্ধের তিয়াগোর গোলে এগিয়ে গিয়েছিল রোজিব্লাঙ্কোসরাই। গোলটা বেশ সুন্দরই ছিল—বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত হাফভলিতে বল জড়ায় জালের ডান দিকে নিচের কোনায়। প্রথমার্ধেই আরও এগিয়ে যেতে পারত অ্যাটলেটিকো। আঁতোয়ান গ্রিজমানের দুবারের ব্যর্থতায় সেটা হলো না। তবে ম্যাচ শেষে এই ‘ছোটখাটো’ ভুলগুলো চোখের আড়ালে চলে গেল এক জি​মেনেজের পাগলামিই।

ম্যাচের ১৪ মিনিটই বাকি। বক্সের ডান প্রান্তে নিরীহ দর্শন বল পেয়ে আশ্চর্যজনকভাবে ক্লিয়ার করলেন না জেনেই। আসলে কী করতে চাচ্ছিলেন সেটি তিনিও ভালো বলতে পারবেন কি না সন্দেহ। না পারলেন বলটাকে নিয়ন্ত্রণে নিতে, না পারলেন দৌড়ে আসা দেপোর্তিভোর খেলোয়াড়কে আটকে রাখতে। তাঁর পা থেকে বলটা নিয়েই গোল করে এলেন লুকাস।

দুই বড় দলের ভয়ের রাতে একমাত্র ব্যতিক্রম পিএসসি। ও হতে পারত ওই ম্যাচটিও। দুদিন পর চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ, পিএসসি তাই নেমেছিল ইব্রাহিমোভিচ-কাভানিকে ছাড়াই। ম্যাড়ম্যাড়ে ম্যাচে দুর্দান্ত গোল করে দলকে উদ্ধার করলেন আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। ৭৫ মিনিটে মাঝমাঠ থেকে মার্কো ভেরাত্তির লম্বা থ্রু পেলেন লুকাস মওরা, বাম দিক থেকে সেটি ফ্লিক করে বাড়িয়ে দিলেন বক্সের প্রান্তে থাকা ডি মারিয়ার দিকে। তাঁর অসাধারণ ভলি জড়িয়ে গেল জালে। লিগে এটি ডি মারিয়ার তৃতীয় গোল। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাঞ্জারসের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল পিএসজি। তথ্যসূত্র: ইএসপিএন।