থাই-যুদ্ধ জয়ের ছক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোডভিক ডি ক্রুইফের হাতে ওটা কী? থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপের ফাইনালে ওঠার ছক। তবে তা মাঠেই করে দেখাতে হবে। ওই রণকৌশল অনুযায়ীই কাল বিকেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করল বাংলাদেশ দল l শামসুল হক
লোডভিক ডি ক্রুইফের হাতে ওটা কী? থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপের ফাইনালে ওঠার ছক। তবে তা মাঠেই করে দেখাতে হবে। ওই রণকৌশল অনুযায়ীই কাল বিকেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করল বাংলাদেশ দল l শামসুল হক

থাইল্যান্ড যুব দলটা বেশ দ্রুতগতির। গতিই তাদের মূল শক্তি। একঝাঁক তরুণ একসঙ্গে খেলছেন অনেক দিন ধরে। দারুণ সমন্বয় গড়ে উঠেছে। তবে এই অনূর্ধ্ব-২৩ দলটাকে হারিয়ে বঙ্গবন্ধু কাপের ফাইনালে ওঠার ছকই এখন কষছে বাংলাদেশ।
থাইল্যান্ড সিলেটে সিঙ্গাপুরের সঙ্গে ২-০-তে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছে, তাতে জয়ের ক্ষুধাই ফুটে উঠেছিল তাদের খেলায়। বাহরাইনকে ঢাকায় ৩-০ গোলে উড়িয়ে দিয়ে থাইল্যান্ড দেখাল এই টুর্নামেন্টে তারাই সবচেয়ে শক্তিশালী দল।
‘ডেড বল’ পরিস্থিতিতে থাইল্যান্ড বেশ বিপজ্জনক। সিলেটে প্রথম গোলটি কর্নার থেকে হেডে করেছে, ঢাকায় প্রথম গোলটি ফ্রি-কিকে। এটা নোট বইয়ে টুকে নিয়েছেন বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ। অধিনায়ক মামুনুলের চোখেও থাইল্যান্ডের ‘ডেড বল’ পরিস্থিতি ভীতি-জাগানিয়া হতে পারে, ‘ওরা কর্নার, ফ্রি-কিকে বেশ দক্ষ। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।’
থাই যুবারা নিচে থেকে খেলা গড়েন। জোনাল মার্কিংয়ে তঁাদের আলাদা নজর। মাঝমাঠ থেকে রক্ষণচেরা পাস, অনেক সময়ই এটা ধাঁধায় ফেলে প্রতিপক্ষকে। দুজন মিডফিল্ডার এই পাসগুলোর রূপকার, কাজে লাগান স্ট্রাইকার পাকরন।
দুই মিডফিল্ডার আর এক স্ট্রাইকারকে আলাদা পাহারায় তাই রাখতেই হবে। এঁদের আটকানোর দায়িত্বও খেলোয়াড়দের বুঝিয়ে দিয়েছেন ডি ক্রুইফ। কাল বিকেলে শেখ জামাল ধানমন্ডি মাঠে অনুশীলন শেষে মামুনুল সেটাই জানালেন, ‘ওদের তিন খেলোয়াড়কে খেলতে দেব না আমরা। দুই মিডফিল্ডারকে অকার্যকর করে রাখার আলাদা পরিকল্পনা আছে কোচের। এটা আমরা বাস্তবায়ন করবই।’
জিততে হলে গোল চাই। তাই সুযোগ কাজে লাগানোর ব্যর্থতা ঝেঁটিয়ে বিদায় করতে বাড়তি প্রস্তুতি নিচ্ছেন ডি ক্রুইফ। দ্রুত প্রতি-আক্রমণে ওঠার চিন্তা আছে, খেলোয়াড়েরা তাঁর কাছ থেকে তেমন নির্দেশনাই পেয়েছেন। মাঠে তা করে দেখানোর মতো খেলোয়াড়ও কোচের হাতে আছে বলছেন মামুনুল।
থাই তরুণদের চেয়ে এমিলি-জাহিদরা অনেক অভিজ্ঞ, আগামীকাল সেমিফাইনালে এটা কাজে লাগাতে চান কোচ। যদি যেতে হয় টাইব্রেকারে, সে জন্য কাল শেষ দিকে হলো স্পটকিক অনুশীলনও।
ফাইনালে চোখ রেখে কালকের দিনটি বিশ্রামেই কাটিয়েছে থাইল্যান্ড। তবে ভেতরে ভেতরে তরুণ কোচ ফমরাত চকতাতে বাংলাদেশ দলের অন্দরের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশের ম্যাচের ভিডিও দেখেছেন, খুঁটিয়ে খুঁটিয়ে বের করছেন স্বাগতিক দলের শক্তি-দুর্বলতা। ফমরাত বলছিলেন, ‘বাংলাদেশের আগের দুটি ম্যাচ আমরা কাটাছেঁড়া করলাম, দেখলাম কে কেমন খেলোয়াড়। ভিডিও সেশনে এসব নিয়েই আমরা কাজ করলাম একটু বেশিই।’
শুরুতে এতটা স্বপ্ন না থাকলেও থাই দলটি এখন চ্যাম্পিয়ন হতে চায়। থাই ক্লাব কাঠামো বাংলাদেশের চেয়ে অনেক উন্নত। জাতীয় দল আহামরি উন্নতি না করলেও শক্তিশালী ক্লাব কাঠামোর সুফলই পাচ্ছে দেশটির বয়সভিত্তিক দল। তারাও কিনা চোখ রাঙাচ্ছে বাংলাদেশ জাতীয় দলকে!
চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষা হঠাৎ জেগে উঠেছে বাংলাদেশেরও। তাই খেলোয়াড়দের ম্যাচে আত্মনিবেদনের ওপরও জোর দিচ্ছেন ডি ক্রুইফ। সংবাদমাধ্যমের সঙ্গে খেলোয়াড়দের কথা বলা বারণ। অনুশীলনে কাল কথা বলতে পাঠিয়েছেন শুধু অধিনায়ককে, নিজে কুলুপ এঁটেছেন মুখে। এমনকি কোচিং স্টাফের সদস্যদের ওপরও জারি করেছেন সেই নিষেধাজ্ঞা।
থাইল্যান্ডের এই যুব দলটিকেও হারাতে এসব অবশ্য যথেষ্ট নয়। প্রয়োজন নিজেদের সেরা ফুটবল খেলা, সেই আত্মবিশ্বাসও বাংলাদেশ দল পেয়েছে শ্রীলঙ্কার সঙ্গে দারুণ খেলে। এখন বাংলাদেশ দল ‘ফাইনালে উঠব’ বলে আশার ঘুড়ি ওড়াচ্ছে।
সেটি যাতে ভোঁকাট্টা না হয়, তাই দলকে উজ্জীবিত করার চেষ্টা চলছে অনেক। খেলোয়াড়দের সঙ্গে কাল দেখা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শুধু ফাইনালে ওঠাই নয়, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হতে পারেও বলে তিনি আশাবাদী। মালয়েশিয়া যুব দলের সঙ্গে জয়ের জন্য ৩০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছিলেন, কিন্তু হিতে বিপরীত হয়েছে। সেটি ভেবেই কি না সেমিফাইনালের আগে কাল পর্যন্ত কোনো পুরস্কার ঘোষণা করেননি।