থাইল্যান্ড-মালয়েশিয়া যেখানে এগিয়ে
হাতে কাগজ-কলম। সামনে ল্যাপটপ। মাঠের দিকে তাকিয়ে অক্লেশে নোট নিচ্ছেন। কে এই ভিনদেশি?
দাইসুকি তারাকাদো। জাপান ফুটবল ফেডারেশনের ফুটবল উন্নয়ন প্রকল্পের পারফরম্যান্স বিশ্লেষক। চল্লিশে পা রাখা এই জাপানি সিলেট স্টেডিয়ামের প্রেসবক্সে এসে বসেন মূলত বঙ্গবন্ধু কাপে মালয়েশিয়ার খেলা দেখতে!
বঙ্গবন্ধু কাপে খেলছে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল, এই দলের সঙ্গে কুয়ালালামপুরে মার্চে অলিম্পিক বাছাইপর্বে খেলবে জাপান (গ্রুপে আরও আছে ভিয়েতনাম, লাওস)। এবার বোঝা গেল জাপান ফুটবল অ্যাসোসিয়েশন কেন তারাকাদোকে পাঠিয়েছে বাংলাদেশে? বাংলাদেশে মালয়েশিয়ার দুটি ম্যাচ দেখে টোকিও ফিরে জেএফএকে দেবেন প্রতিবেদন। জাপান প্রায় ফুটবলের প্রথম বিশ্বের বাসিন্দা, সুতরাং প্রতিদ্বন্দ্বীর হাঁড়ির খবর জানতে তারা ‘গোয়েন্দা’ পাঠাবে না কেন? টাকার সঙ্গে জাপানের সুদূরপ্রসারী পরিকল্পনাও আছে।
তৃণমূল থেকে খেলোয়াড় তুলে ভিত্তি তৈরির নমুনাও এই বঙ্গবন্ধু কাপে আছে। থাইল্যান্ড-মালয়েশিয়ার মতো দেশগুলো এখানে তাদের জাতীয় দল না পাঠিয়ে অলিম্পিক দলটাকে খেলার সুযোগ দিয়েছে। ভবিষ্যৎ গড়তে এটিই অগ্রাধিকার তালিকার শীর্ষে। সামনে যে অনূর্ধ্ব-২৩ দলের খেলা।
থাইল্যান্ড দলের প্রধান কোচ চোকি তানি বলছিলেন, পাঁচ বছর পর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তাই এখন অনূর্ধ্ব-১২ কিশোরদের থাই ফুটবল ফেডারেশনের একাডেমিতে রেখে তৈরি করা হচ্ছে। দুর্দান্ত এক পরিকল্পনা! আর বাংলাদেশ কিনা সংক্ষিপ্ত রাস্তা বেয়ে ২০২২ বিশ্বকাপে খেলতে চায়! বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ২০২২ বিশ্বকাপে খেলতে ‘ভিশন ২০২২’ ঘোষণা করেছেন। বাস্তবতা থেকে যা হাজার মাইল দূরের পথ।
আসল কাজটা হলো নিচ থেকে দল তৈরি করা। যেটি দেখাল থাইল্যান্ড। তৈরি হওয়ার আগেই বিশ্বকাপে খেলার রঙিন চিন্তা না করে ধাপে ধাপে এগোনোই ভালো মনে করছে দেশটি। চোকি বললেন, ‘আমাদের ফেডারেশন রাতারাতি ফুটবর উন্নয়নের স্বপ্ন দেখে না। নিচ থেকে দল তৈরির ওপরই দেওয়া হচ্ছে বেশি গুরুত্ব।’
সম্প্রতি আসিয়ান অঞ্চলের সুজুকি কাপ জিতে থাইল্যান্ড ফুটবল অগ্রগতির পথে ফেলেছে পা। ২০ দলের থাই লিগে প্রতি দল ম্যাচ পায় ৩৮টি করে। পাঁচজন বিদেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ, একাদশে চারজন বিদেশির একজনকে অবশ্যই এশিয়ান হতে হবে। ক্লাব পর্যায়ে বিদেশি কোচ থাকলেও থাই ফুটবল ফেডারেশন কোনো পর্যায়েই বিদেশি কোচ আনেনি। সবাই দেশি।
একই দর্শনে চলছে মালয়েশিয়াও। সেখানেও ফেডারেশন সব দলেই স্থানীয় কোচ রাখে। বিদেশি কোচের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা না ঢেলে তৃণমূলে করছে বিনিয়োগ। বাংলাদেশের তৃণমূলে টাকা খরচে এখনো রাজ্যের কার্পণ্য। দ্রুতই সাফল্যের তরিতে ওঠার স্বপ্ন বাংলাদেশের! জাতীয় দলের জন্য দুজন কোচ এনে সম্প্রতি কয়েক কোটি টাকা ঢালা হয়েছে অথচ ওই কোচদের ঠিকমতো কাজেই লাগানো যায়নি!
বাংলাদেশ জাতীয় দল যে মালয়েশিয়া যুবাদের কাছে হারল, মূল কারণটা যুব ফুটবলের নড়বড়ে ভিত্তি। অনূর্ধ্ব-২১-২৩ পর্যায়ে মালয়েশিয়া যুব ফুটবলে তিনটি শ্রেণি আছে, যেখান থেকে খেলোয়াড় বাছাই করে গড়া হয়েছে দলটি। কোচ রাজিপ ইসমাইলের আশাবাদ, ‘এই যুব দলটিকে ধারাবাহিকভাবে গড়ে তোলা হচ্ছে, এটিই একসময় হবে মূল জাতীয় দল।’
তরুণ এই মালয়েশিয়ান খেলোয়াড়দের কঠোর শৃঙ্খলা ও খেলার প্রতি নিবেদন দেখে বিস্মিত সংশ্লিষ্টরা। অথচ বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের অনেকেরই খেলায় মনোযোগ নেই বলে অভিযোগ। অনেকে সারাক্ষণ পড়ে থাকেন ফেসবুকে। বঙ্গবন্ধু কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে এসেও কেউ কেউ সেলফি তুলেছেন, স্বজনদের জন্য ম্যাচ টিকিট নিতে নাকি ব্যস্ত ছিলেন। খেলাটা তাঁদের মাথায় থাকে কি না সেই প্রশ্ন অনেকেরই।
বঙ্গবন্ধু কাপ শুধু আয়োজন নয়, বাংলাদেশের চোখ খুলে দিতে পারে থাইল্যান্ড-সিঙ্গাপুর-মালয়েশিয়ার মতো দেশগুলোর এগিয়ে চলার গল্পও। পৃথিবী কতটা এগিয়ে তারাকাদোর সুদূর জাপান থেকে ছুটে আসাই তো বলে দিচ্ছে সব।