থাইল্যান্ডকে পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপ্রতিরোধ্য থাইল্যান্ডকে রুখতে পারেনি বাহরাইন। এই ছবি যেন কালকের ম্যাচেরই প্রতীকী চিত্র l প্রথম আলো
অপ্রতিরোধ্য থাইল্যান্ডকে রুখতে পারেনি বাহরাইন। এই ছবি যেন কালকের ম্যাচেরই প্রতীকী চিত্র l প্রথম আলো

গ্রুপের শেষ ম্যাচটি হোটেলে বসে দেখতে দুপুরের মধ্যেই অনুশীলন শেষ করেছিল সিঙ্গাপুর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে থাইল্যান্ড-বাহরাইনের ম্যাচের সঙ্গে যে সিঙ্গাপুরের ভাগ্যটাও জড়িয়ে ছিল। ম্যাচ শেষে থাইল্যান্ড একটা ধন্যবাদ পেতেই পারে সিঙ্গাপুরের কাছে। বাহরাইনকে কাল ৩-০ গোলে থাইল্যান্ড হারিয়েছে বলেই তো এক ম্যাচ ড্র করেও সেমিফাইনালে সিঙ্গাপুর।
মূলত গোল পার্থক্যে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে সিঙ্গাপুর শেষ চারে। সমান ১ পয়েন্ট পেলেও বাহরাইনের (-৩) চেয়ে গোল পার্থক্যেই এগিয়ে সিঙ্গাপুর (-১)। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন থাইল্যান্ড। ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ ৬ ফেব্রুয়ারি সেমিফাইনালে এই থাইল্যান্ডকেই পাচ্ছে।
বাহরাইন-সিঙ্গাপুর ম্যাচ ড্র হওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল থাইল্যান্ডের। তবে আগেই শেষ চার নিশ্চিত হলেও মাঠের খেলায় সেটির প্রভাব পড়েনি কাল। জয় পেতে মরিয়াই ছিল থাইল্যান্ড। ৩৫ মিনিটে কর্নার থেকে বাহরাইনের এক ডিফেন্ডারের হেড চলে যায় তাদেরই জালে, আত্মঘাতী গোল। ৫০ মিনিটে পেনাল্টিতে ২-০ করেন অধিনায়ক পারমপাক পাকরন। ৬৬ মিনিটে পিমকুন জাতুরং করলেন তৃতীয় গোল।
বাহরাইনকে অন্তর্ভুক্ত করতে টুর্নামেন্টের সূচি পর্যন্ত পিছিয়ে দিয়েছিল আয়োজক বাংলাদেশ। সবার পরে টুর্নামেন্টে খেলতে এসে মাত্র চার দিনের মাথায় বিদায় নিল তারা। বাহরাইন কোচ আদ্রিয়ান হুইটব্রেড কম প্রস্তুতিকেই কারণ হিসেবে দেখালেন, ‘এটা আমাদের মূল অনূর্ধ্ব-২৩ দল নয়। উপসাগরীয় ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলছে ওই দল। বিভিন্ন ক্লাবের ফুটবলারদের নিয়ে গড়া হয়েছে দলটি। মাত্র পাঁচ দিনের অনুশীলনে এর চেয়ে বেশি ভালো ফল আশা করা যায় না।’
ফুরফুরে থাইল্যান্ড কোচ ফমরাত চকতাভে সেমির লড়াইয়ে বাংলাদেশকে সমীহ করছেন, ‘বাংলাদেশের সঙ্গে সেমিফাইনালটা মোটেও সহজ হবে না। ওরা জাতীয় দল, আমাদের অনূর্ধ্ব-২২। ঘরের মাঠের সুবিধাও পাবে বাংলাদেশ। আমরাই চাপে থাকব।’
বাংলাদেশের অধিনায়ক মামুনুল থাইল্যান্ডের শক্তিটা ভালোই জানেন, ‘থাইল্যান্ড শক্তিশালী দল, ওরা গতিময় ফুটবল খেলছে। সেমিফাইনালটা কঠিনই হবে। তবে আমরা প্রস্তুত।’

পয়েন্ট তালিকা
পয়েন্ট তালিকা