থাইল্যান্ডকে প্রায় হারিয়ে দিয়েছিল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
এশিয়ান গেমসে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে থাই ফুটবলারের সঙ্গে বল দখলের লড়াইয়ে বাংলাদেশের বিপলু আহমেদ। ছবি: এএফপি
এশিয়ান গেমসে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে থাই ফুটবলারের সঙ্গে বল দখলের লড়াইয়ে বাংলাদেশের বিপলু আহমেদ। ছবি: এএফপি
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭২ ধাপ এগিয়ে থাইল্যান্ড। এশিয়ান গেমসে আজ তাদের বিপক্ষে জিততেও পারত জেমি ডের দল। কিন্তু ৭৯ মিনিটের গোলে শেষ পর্যন্ত হার এড়িয়েছে থাইরা।

হঠাৎই একটা আলোর রেখার ঝলকানি দেখা যাচ্ছিল। এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দরজাটা প্রায় খুলেই ফেলছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। কিন্তু শেষ পর্যন্ত হলো না। আশা জাগলেও থাইল্যান্ড আসলে জিততে দেয়নি বাংলাদেশকে। পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে কেড়ে নিয়েছে বাংলাদেশের জয়। তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭২ ধাপ ওপরে থাকা দলটির কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নেওয়াটাও সাফল্যই বলতে হচ্ছে।

এক সময় থাইল্যান্ড জাতীয় দল একাধিকবার হেরেছে বাংলাদেশের কাছে। থাইদের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক জয় এসেছিল ১৯৮৯ সালে। সেবার ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩-১ গোলে। এরপর থাইল্যান্ডের বিপক্ষে যেকোনো পর্যায়েই হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। ২০১৫ সালের বঙ্গবন্ধু কাপে থাইল্যান্ডের একটি দলকে অবশ্য বাংলাদেশ জাতীয় দল হারিয়েছিল। তবে সেটি ছিল বয়সভিত্তিক খেলোয়াড়দের নিয়ে গঠিত থাইল্যান্ডের মিশ্র একটি দল। হালে থাইল্যান্ডের ফুটবল যতটা এগিয়েছে বাংলাদেশ পিছিয়ে গেছে ততটাই। সে কারণেই আজ এশিয়ান গেমসে বাংলাদেশের এই ড্র বিশেষ কিছু। আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার।

উজবেকিস্তান ম্যাচটা যেমন কঠিন ছিল, সে তুলনায় অবশ্য আজ থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটা সহজই হয়েছে বাংলাদেশের জন্য। থাইল্যান্ডের আক্রমণ ছিল অনেক ধীর। কিন্তু উজবেকিস্তান তো সেদিন তেড়েফুঁড়ে খেলেছিল। দুটি ম্যাচ তুলনা করলে উজবেকদের তুলনায় থাইল্যান্ড ছিল বাংলাদেশের হাতের নাগালের দল। জেমি ডের বাংলাদেশ আরও একটু নিখুঁত হলে জয় অসম্ভব ছিল না আজ।

সুফিলের গোলেই থাইদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ
সুফিলের গোলেই থাইদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ

প্রথম ১৫ মিনিটে থাইল্যান্ডের পোস্টে দুটি শট নেয় বাংলাদেশ। একটি ফ্রি কিক থাই গোলরক্ষক কর্নারের বিনিময়ে রক্ষা করেন। কিন্তু ৩৭ মিনিটে থাই গোলরক্ষক আর পোস্ট অক্ষত রাখতে পারতেন বলে মনে হয় না। যদি ওভারল্যাপ করে আসা লেফট ব্যাক বিশ্বনাথের ক্রস থেকে মাহবুবুর রহমান সুফিল শটটা ঠিকঠাক নিতে পারতেন। বক্সের ভেতর থেকে এমন দুর্বল শট নিলেন সুফিল, এক ডিফেন্ডারের গায়ে প্রতিহত। এর আগে শুরুর দিকে গোলরক্ষকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। তাঁর দুর্বল টোকা গোলরক্ষকের গায়ে লেগে প্রতিহত হয়। এই গোলটি মিস করার আফসোসটা সুফিলের থাকবেই।

৫২ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ। ডান প্রান্তের কর্নার পতাকার কাছ থেকে বিশ্বনাথের লম্বা থ্রোতে বেক হেড করেন তপু বর্মণ। বলে লাফিয়ে ওঠেন সাদ। কিন্তু সাদ বল পাননি। বল গিয়ে পড়ে অরক্ষিত সেই সুফিলের পায়ে। সেভাবে শট নেওয়ার জায়গা ছিল না তাঁর সামনে। তবে বলটা পোস্টে ঠেলতে পেরেছেন। থাইল্যান্ডের দুই ডিফেন্ডার গোললাইনের ছিলেন। কিন্তু একজনের পায়ের ফাঁক দিয়ে বল গেল জালে।

এই গোল ধরে রাখতে পারলে সন্ধ্যাটা হতে পারত স্মরণীয়। কিন্তু গোল করে রক্ষণাত্মক বাংলাদেশকে চেপে ধরে থাইল্যান্ড। ৭৯ মিনিটে ক্রস থেকে গোল হয়ে যায়। ক্রসটা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি গোলরক্ষক রানা। তাঁর মতো গোলরক্ষকের কাছে থেকে আরও ভালো কিছুই আশা করে দল। কিন্তু আশরাফুল পারলেন না। সুপাচাইয়ের শট জড়াল জালে। ১-১।

বাকি সময় বাংলাদেশ চাইছিল আর যেন গোল খেতে না হয়। সেই আশাটা অবশ্য পূরণ হয়েছে!