রেফারি যখন লাল কার্ডটা দেখালেন নেইমারকে, ধারাভাষ্যকারদের মধ্যেও সংশয়। সরাসরি লাল কার্ড ছিল, নাকি দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড?
সরাসরি লাল কার্ড হলে দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন নেইমার, দ্বিতীয় হলুদ কার্ডে হলে এক ম্যাচ। কিন্তু তা নিয়ে ধারাভাষ্যকারদের এত গবেষণার কারণটা বুঝে যাবেন লিগে বার্সেলোনার পরের দুই ম্যাচের সূচি দেখলেই—১৬ এপ্রিল প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ, ২৩ এপ্রিল প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ নিষিদ্ধ হলে যে এল ক্লাসিকোয় খেলতে পারবেন না নেইমার!
সরাসরি লাল কার্ড দেখেননি নেইমার। পরশু মালাগা-বার্সেলোনা ম্যাচের রেফারি গিল মানসানোই নিশ্চিত করেছেন, দুই অর্ধে দুটি হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখেছেন ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান। তবু এল ক্লাসিকোয় তাঁর নিষিদ্ধ থাকার শঙ্কা এখনো মুছে যায়নি! মাঠ ছাড়ার সময় যে চতুর্থ রেফারির দিকে ‘অপমানসূচক’ হাততালি দিয়েছেন নেইমার।
রেফারির প্রতিবেদনেও লেখা আছে সেটি। এখন সিদ্ধান্ত স্প্যানিশ লিগের শৃঙ্খলা কমিটির হাতে। দুই হলুদ কার্ডের কারণে তো এক ম্যাচ নিষিদ্ধ থাকছেনই, পাশাপাশি রেফারির দিকে ওভাবে হাততালি দেওয়ায় আরেক ম্যাচও নিষিদ্ধ হতে পারেন নেইমার।
নেইমার-বিহীন আক্রমণ নিয়ে ‘এল ক্লাসিকো’ খেলতে হওয়া যদি বার্সেলোনার দুশ্চিন্তা হয়, তাহলে রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা রক্ষণ। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এসে সেন্ট্রাল ডিফেন্ডারের সংকটে পড়েছেন জিনেদিন জিদান। গত সপ্তাহে আলাভেসের সঙ্গে ম্যাচে চোটে পড়েছেন রাফায়েল ভারানে, এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। পরশু অ্যাটলেটিকোর সঙ্গে ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন পেপেও। দ্বিতীয়ার্ধে নিজেদের বক্সে টনি ক্রুসের সঙ্গে ধাক্কা লেগে পাঁজরের বাঁ পাশের দুটি হাড় ভেঙে গেছে পর্তুগিজ ডিফেন্ডারের। স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকেও।
রক্ষণের কেন্দ্রে তাই জিদানের ভরসা এখন শুধু দুজন—সার্জিও রামোস ও নাচো! দুশ্চিন্তারই কথা। কারণ এই মাসে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে রিয়ালের প্রতিপক্ষের মধ্যে আছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ (দুই ম্যাচ) ও ভ্যালেন্সিয়ার মতো দল। গোলডটকম, রয়টার্স।