থামছেই না রিয়ালের জয়রথ

স্কোরলাইন বলছে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে আলমেইরাকে হারিয়েছে। কিন্তু মাঠের মূল গল্পটা একটু অন্য রকমই। স্কোরলাইন একটি সহজ জয়ের কাহিনি তৈরি করলেও প্রতিপক্ষের মাঠে রিয়ালের এই জয় এতটা সহজে আসেনি। তার পরও দিনের শেষে জয় জয়ই। টানা ১৯ ম্যাচে জয়ের অভ্যেস যে দলের আছে, তাদের কাছে যে কোনো বাধাই বাধা নয়, সেটা আলমেইরা কাল হাড়ে হাড়েই টের পেয়েছে। বছরের শেষ লা লিগার ম্যাচটি জিতে টানা ২০ ম্যাচ জয়ের গৌরব নিয়ে রিয়ালের লক্ষ্য এখন বিশ্ব ক্লাব কাপ। বেশ ফুরফুরে একটা মেজাজ নিয়েই চ্যাম্পিয়নস লিগ সাফল্যের সঙ্গে সাফল্যের আরও একটি পালক যুক্ত করতে রোববার মরক্কোর পথে রওনা দেবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
খেলার চেহারাটা পাল্টে গেছে আসলে শেষের দিকে এসে। ক্রিস্টিয়ানো রোনালদোর দুটো গোলেই স্কোরলাইন স্বস্তিদায়ক চেহারা নেয়। কিন্তু ইকার ক্যাসিয়াসের নৈপুণ্যে আলমেইরার পেনাল্টি মিসের ব্যাপারটিও ধর্তব্যের মধ্যে থাকছে। ২০১১ সালের পর এই প্রথমবারের মতো পেনাল্টি ঠেকালেন ক্যাসিয়াস। ক্যারিয়ার নিয়ে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে থাকা ক্যাসিয়াসের জন্য এই পেনাল্টি প্রতিরোধ হতে পারে দারুণ এক উজ্জীবনী-সুধা। পুরো খেলায় মাদ্রিদ মিস করেছে চোটগ্রস্ত লুকা মদ্রিচ আর হামেস রদ্রিগুয়েজের পাসিং কারিশমা।
ম্যাচে আলমেইরা বারবারই রিয়ালকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। তাদের প্রতি আক্রমণ আর প্রেসিংয়ে রিয়াল বিব্রত হয়েছে অনেকবারই।
খেলার ৩৪ মিনিটে ইসকোর গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু এর ঠিক পাঁচ মিনিট পরেই আলমেইরার ভারজা দূরপাল্লার শটে দুর্দান্ত এক গোল করে রিয়ালকে হতবাক করে দেন। তবে ৪২ মিনিটেই টনি ক্রুসের ক্রস থেকে গ্যারেথ বেল আবারও এগিয়ে দেন রিয়ালকে। প্রথমার্ধ শেষ হয় রিয়ালের পক্ষে ২-১ স্কোরলাইনেই।
দ্বিতীয়ার্ধেই পেনাল্টি পেয়েছিল আলমেইরা। তবে রেফারির এই সিদ্ধান্তে দ্বিমত থাকতে পারে অনেক রিয়াল-সমর্থকেরই। মার্সেলো বক্সের মধ্যে এডগার মেনডেজকে ফেলে দিলে রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে রেফারির সিদ্ধান্তটি একটু বেশিই কঠোর হয়ে গিয়েছিল। যা হোক, আলমেইরার পক্ষে ভারজার নেওয়া পেনাল্টি শটটি ঠেকিয়ে দেন অভিজ্ঞ ক্যাসিয়াস।
৮১ মিনিটে কোচ আনচেলত্তিকে হাঁফ ছেড়ে বাঁচান রোনালদো। পুরো ম্যাচে খুব ভালো খেলতে না পারলেও করিম বেনজেমার সঙ্গে ওয়ান-টু খেলে এই মৌসুমে নিজের ২৪তম গোলটি ঠিকই পেয়ে যান রোনালদো। খেলার একেবারে অন্তিম লগ্নে এই মৌসুমে গোলের রজতজয়ন্তী করেন দানি কারভাহালের ক্রসকে গন্তব্যে পাঠিয়ে।
এই ম্যাচে কেন রিয়ালকে ঠিক ‘রিয়ালের মতো’ মনে হলো না—সেই ব্যাখ্যা ম্যাচ শেষে দিয়েছেন ক্যাসিয়াস, ‘বিরতির সময়ই সাজঘরে বসে এই কথাটা আমরা নিজেদের মধ্যে আলাপ করেছি। খেলোয়াড়দের বলে দেওয়া হয়েছিল, খেলাটা ঠিক আমাদের মানের হচ্ছে না।’ তিনি বলেন, ‘পেনাল্টিটির পরে খেলার ধরন পাল্টে গিয়েছিল বলেই দুটো গোল যোগ করতে পেরেছি।’
‘রিয়াল ভালো খেলেনি’—এই ব্যাপারটি মানতে নারাজ কোচ আনচেলত্তি। তাঁর মতে, ‘পুরো খেলাই আমাদের নিয়ন্ত্রণে ছিল। হ্যাঁ, আলমেইরা মাঝেমধ্যে চাপ সৃষ্টি করেছে, কিন্তু খেলার লাগাম কখনো আমাদের হাত থেকে ছুটে যায়নি। ম্যাচ শেষে স্কোরলাইন কিন্তু ম্যাচের পরিস্থিতিতে দারুণভাবে নির্দেশ করছে।’ সূত্র: রয়টার্স, গোলডটকম।