থামল আবাহনীর জয়রথ
চট্টগ্রাম আবাহনীর প্রার্থনাটা শেষ পর্যন্ত কাজে লাগল। ব্রাদার্স ইউনিয়ন আটকে দিল ঢাকা আবাহনীকে। তাই টানা ছয় ম্যাচ জেতার পর কাল পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয়েছে শিরোপার সবচেয়ে বড় দাবিদার ঢাকা আবাহনীকে।
গোলশূন্য এই ড্রয়ে দ্বিতীয় স্থানে থাকা ছোট আবাহনীর সঙ্গে বড় আবাহনীর ব্যবধান কমে দাঁড়াল পাঁচ পয়েন্ট। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে ঢাকা আবাহনী। চট্টগ্রাম আবাহনীর ৩১। সমান ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ২২।
ম্যাচ শেষে ঢাকা আবাহনীর সানডে সিেজাবা ও গোলরক্ষক সোহাগ রেফারি জামাল উদ্দিনের দিকে তেড়ে যান। পরে পুলিশ পাহারায় মাঠ ছাড়েন রেফারি। আর ঢাকা আবাহনীর কোচ জর্জ কোটান সংবাদ সম্মেলনে বলেই ফেললেন, প্রতিপক্ষ রেফারির সহায়তায় খেলেছে। আবাহনীকে পেনাল্টিবঞ্চিত করা হয়েছে।
>ঢাকা আবাহনী ০: ০ ব্রাদার্স; রহমতগঞ্জ ০: ০ আরামবাগ
প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ওপর থেকে শট নেওয়ার সময় জনাথনকে ধাক্কা দেন ব্রাদার্সের এক ডিফেন্ডার। জনাথন গিয়ে পড়েন বক্সের ভেতর। আবাহনীর পেনাল্টির আবেদন নাকচ করে রেফারি দিলেন ফ্রিকিক। লি টাকের দুর্দান্ত ওই ফ্রিকিক লাগল সাইড বারে। এর আগে ৬ মিনিটে লির শট প্রথমবার বারে লাগে। দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন হেমন্ত ভিনসেন্টও। উল্টো গোল হজম করতে পারত আবাহনী। যোগ করা সময়ে ব্রাদার্সের কিংসলের শট তপুর গায়ে লেগে কর্নার হয়ে যায়।
দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জ-আরামবাগ গোলশূন্য ড্র করেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরামবাগের কোচ সাইফুল বারী বলেই ফেললেন, ‘আমার ছেলেদের জেতার ইচ্ছা যতটা থাকার কথা ছিল ততটা ছিল না। ওরা যেন জিততে চায়নি।’
কেস্টার আকন ৬৭ মিনিটে যেভাবে পেনাল্টি শট ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দিলেন, কোচের রাগ হওয়াই স্বাভাবিক। তাই প্রাধান্য নিয়ে খেলেও রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্রয়ে মন খারাপ আরামবাগ কোচের। আর খর্বশক্তির দল নিয়ে ১ পয়েন্ট পেয়েই রহমতগঞ্জের কোচ কামাল বাবু খুশি। ১৬ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ২৬। আরামবাগের ২১।