
এই একটা ম্যাচ নিয়ে কিছুদিন ধরে কত আলোচনা। কত আশা আর আশঙ্কা! এই ম্যাচ নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অসহায় কণ্ঠে বলেন, ‘ঠিকমতো ঘুমাতে পারছি না। ভীষণ দুশ্চিন্তায় আছি।’ দুশ্চিন্তা দূর করার দায়িত্ব যাঁর কাঁধে দিয়েছেন, সেই টম সেন্টফিট উল্টো পথ হারিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছেন। দুশ্চিন্তায় কোচের মাথার অবশিষ্ট চুলও এখন পড়ে যাওয়ার অবস্থা!
আর চাতক পাখির মতো তাকিয়ে দেশের ফুটবল অঙ্গন। এই ম্যাচের ওপর যে ঝুলে আছে আগামী বছর তিনেক জাতীয় দলের ফিফা-এএফসির ম্যাচ পাওয়া না-পাওয়ার বিষয়টা। সব সংশয়, আশঙ্কা আর অনিশ্চয়তা ঘুচিয়ে দিতে বাংলাদেশ ফুটবল দলকে অবশ্য বেশি কিছু করতে হবে না। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু ম্যাচে ভুটানের সঙ্গে হারা চলবে না। নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইনে অঙ্ক বসিয়ে ড্র করলেই হলো। বাংলাদেশ উঠে যাবে ২০১৯ এশিয়ান কাপের বাছাইয়ে।
কিন্তু সবকিছু এত সহজভাবে ভাবলে চলছে না। বাংলাদেশ এই ম্যাচ হারলেই ভুটান চলে যাবে পরের পর্বে। যদি গোলশূন্য ড্রও থাকে নির্ধারিত ৯০ মিনিট, তাহলে ঢাকায়ও দুই দল ০-০ ড্র করায় ম্যাচটা গড়াবে অতিরিক্ত সময়ে। সে ক্ষেত্রে অতিরিক্ত সময়ে জেতার সুযোগ থাকবে। তখনো নিষ্পত্তি না হলে শেষ পর্যন্ত টাইব্রেকার।
বাংলাদেশের ভাগ্য যে সুতোয় ঝুলছে, তা না বললেও চলছে। ভাগ্যটাকে নিজেদের দিকে ফেরাতে সাহস জোগাচ্ছে ভুটানের সঙ্গে আগে কখনো না হারার গর্ব। থিম্পুর মাটিতে সম্প্রতি শেখ জামালের কিংস কাপ জয়ও কী প্রেরণা নয়?
উপরন্তু বাংলাদেশ দল মাঠে শতভাগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। থিম্পুর ঠান্ডা এবং টার্ফে খেলার অনভ্যস্ততাও জয় করার অঙ্গীকারও ঝরছে বাংলাদেশ কোচের কণ্ঠে! কাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ সবার ধারণাটা পাল্টেই দিতে চাইলেন, ‘এসব কোনো সমস্যা নয় আমাদের জন্য।’
তবে ভূপৃষ্ঠ থেকে ৭২১৮ ফুট উচ্চতা একটা বড় সমস্যা। চাংলিমিথান স্টেডিয়ামের ১৫-১৬ হাজার দর্শকও বড়শক্তি স্থানীয় দলের। তবে দর্শকের ব্যাপারটাকে টম সেন্টফিট বলছেন ‘ঘরের মাঠে দর্শকের সামনে জেতার চ্যালেঞ্জ নিতে হবে ওদের। যা ওদের জন্য একটা বড় চাপই।’ তবে সেই সামলাতে ভুটানের ফরোয়ার্ড চেনচো এবং দর্জিকে বাংলাদেশ দলের জন্য বিপজ্জনকই মনে করছেন সেন্টফিট।
অথচ গত বছরের সেপ্টেম্বরে এই ভুটানকে ১৫-০ গোলে ভাসিয়েছে কাতার। ২০০০ সালে এই ভুটানই কুয়েতের কাছে বিধ্বস্ত হয়েছে ২০-০ গোলে! সেই ভুটান আজ বাংলাদেশের পথে কাঁটা বিছিয়ে দেয়! তাদের চোখে এখন স্বপ্ন। যদিও দলটির নতুন জার্মান কোচ টর্সটেন স্পিটলার সতর্ক, ‘ম্যাচটি ৫০-৫০ এবং আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব।’
সেই লড়াইয়ে নামার আগের দিন পর্যন্ত ঠিক হয়নি বাংলাদেশ দলের অধিনায়ক কে! একাদশে থাকলে মামুনুল হতে পারেন অধিনায়ক, নইলে গোলরক্ষক আশরাফুল রানা। তাঁদের সবাইকে ছেড়ে আজ সকালে ঢাকায় ফিরছেন মিডফিল্ডার ইমন বাবু। মায়ের মৃত্যুতে শেষ হয়ে গেছে তাঁর ভুটান সফর। যে সফরটা অগ্নিপরীক্ষার, দেশের ফুটবলে আরেকটি ধস ঠেকানোর শেষ সুযোগও।
অজেয়
ভুটানের সঙ্গে কখনো হারেনি বাংলাদেশ। ১১ ম্যাচে ৮টিতে জিতেছে, ড্র ৩টিতে। ২৭ গোল করে খেয়েছে মাত্র ৪টি