থ্রিলার!
ফুটবল ম্যাচ, নাকি রোমাঞ্চে ঠাসা জেমস বন্ডের কোনো অ্যাকশন-থ্রিলার ছবি!
‘পয়সা উশুল’ কথাটা সম্ভবত এ ধরনের ম্যাচ দেখার পরই বলতে হয়। চ্যাম্পিয়নস লিগে পরশু বে অ্যারেনায় এমনি এক ম্যাচ উপহার দিয়েছে বেয়ার লেভারকুসেন আর রোমা।
১৯ মিনিটের মধ্যে লেভারকুসেন এগিয়ে ২-০ গোলে। অনেক দল এ অবস্থাতেই ম্যাচের লাগাম ছেড়ে দেয়। রোমা ছাড়ল না। আর ছাড়ল না বলেই ৩৮ মিনিটের মধ্যে স্কোর ২-২। প্রথম দুটি গোল করেছিলেন হাভিয়ের হার্নান্দেজ, পরের দুটি ড্যানিয়েলে ডি রসি। কিন্তু এখানেই থামল না রুডি গার্সিয়ার দল। ৫৪ আর ৭৩ মিনিটে আরও দুই গোল করে রোমা এগিয়ে গেল ৪-২-এ। ২-০-তে যদি ‘শেষ’ নাও হয়, ৪-২ তো ম্যাচ একরকম শেষ হওয়ারই কথা।
ভাবছেন নাটকের এখানেই শেষ? না, বরং অ্যান্টিক্লাইম্যাক্সের শুরু! ৮৪ ও ৮৬ মিনিটে পর পর দুই গোল করে ম্যাচ ৪-৪ সমতায় শেষ করেছে লেভারকুসেন। আফসোস, ফুটবল ম্যাচটা মাত্র ৯০ মিনিটের হয়! লেভারকুসেন কোচ রজার স্মিট সাধে তো আর বলেননি, ‘এটা সাধারণ কোনো ফুটবল ম্যাচের সীমা ছাড়িয়ে অন্য কিছু।’
দুই দলই দুবার ২ গোলের অগ্রগামিতা ধরে রেখেও জিততে পারেনি। পুরো ম্যাচে ৮ গোলের চার-চারটি করে হয়েছে দুই অর্ধে। ৭৩ থেকে ৮৬—এই ১৩ মিনিটের মধ্যেই হয়েছে ৩ গোল।
গোলসংখ্যায় চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটি সবচেয়ে বড় ড্র ম্যাচ। সমান ৮ গোলে ড্র হয়েছিল হামবুর্গ-জুভেন্টাস (২০০০ সালে) আর চেলসি-লিভারপুল (২০০৯) ম্যাচ দুটি। উয়েফা ডটকম।