এফবিআইয়ের তদন্তে মহা আর্থিক কেলেঙ্কারি ফাঁস, ফিফার সাত শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার, বিশ্বকাপের স্বাগতিক হতে দক্ষিণ আফ্রিকার ঘুষ দেওয়ার অভিযোগ আর এত কিছুর পরও আবার সেপ ব্ল্যাটারের ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়া। কয়েক দিন ধরে ফুটবল-বিশ্বে বুঝি আসলেই ঝড় বইছে। অভিযোগ আর পাল্টা অভিযোগের তির ছুটছে এত তীব্রভাবে যে, শিগগিরই সেই ঝড় থামার লক্ষণও দেখা যাচ্ছে না। এএফপি, রয়টার্স।
২০১০ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা ফিফার সাবেক সহসভাপতি জ্যাক ওয়ার্নারকে ১ কোটি ডলারেরও বেশি ঘুষ দিয়েছিল বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র বিচার বিভাগ। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্বীকার করেছেন ওয়ার্নারও।
দুর্নীতির অভিযোগে গত ২৭ মে জুরিখে অভিযান চালিয়ে ফিফার সাত পদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইজারল্যান্ডের পুলিশ। পুরো অভিযানটি পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের অপরাধ তদন্ত বিভাগ এফবিআইয়ের সরাসরি তত্ত্বাবধানে। এফবিআই জানায়, এই সাতজনসহ ফিফার মোট ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে ১৫ কোটি ডলার ঘুষ নেওয়া ছাড়াও বিভিন্ন অভিযোগ আছে। অভিযুক্তদের একজন ফিফার সাবেক সহসভাপতি জ্যাক ওয়ার্নার। এ ঘটনার দিনই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো পুলিশের কাছে আত্মসমর্পণ করে ৪ লাখ ডলারে জামিন নেন ওয়ার্নার। এরপর থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন তিনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁর ও অন্যান্য ফিফা কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এসব অভিযোগ তুলেছে বলে মন্তব্য করেছেন ওয়ার্নার, ‘যুক্তরাষ্ট্র এই সবকিছু করছে ২০২২ বিশ্বকাপের আয়োজক হতে না পেরে। ওরা কাতারের কাছে হেরে গেছে, একটি ছোট দেশ, মুসলিম দেশ...এ কারণেই। কিন্তু মনে রাখতে হবে বিশ্বকাপ স্বাগতিক হওয়ার অধিকার কোনো দেশের একার নয়।’ যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে বিদ্রূপাত্মক একটি ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি, যার শিরোনাম, ‘ফিফা ২০১৫ গ্রীষ্মকালীন বিশ্বকাপের আয়োজক হলো যুক্তরাষ্ট্র।’
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ দাবি করেছিলেন, ২০১০ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা ২০০৪ সালে ভোটাভুটির সময় ওয়ার্নারকে ১ কোটি ডলারেরও বেশি অর্থ দিয়েছে। তবে দাবিটা উড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ড্যানি জর্ডানও। তারা ফিফাকে ২০০৮ সালে ১ কোটি ডলার দিয়েছে, এটি অবশ্য স্বীকার করেছেন জর্ডান, তবে সেটি ২০০৮ সালে। আর তা নাকি ঘুষ ছিল না, ‘আমি জীবনে কাউকে ঘুষ দিইনি, ঘুষ নিইনি। আর বিশ্বকাপ আয়োজক হওয়ার বিড জেতার চার বছর পরে আমরা কেন ঘুষ দেব?’ ওই টাকাটা কনক্যাকাফ অঞ্চলের ফুটবল উন্নয়নে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুদান ছিল বলেও দাবি করেন জর্ডান।