ঘরের মাঠে উজ্জীবিত হয়ে খেলাই ছিল বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা। কিন্তু পরশু শেষ হওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের গ্রুপ পর্বে বাংলাদেশ দল ভুগল স্নায়ুচাপে। সিরিয়া ও উজবেকিস্তানের সঙ্গে নেমেই গোটা ২ গোল হজম করে শুরুতেই মনোবল শেষ!
এই দুটি শক্তিশালী দলের সঙ্গে বাংলাদেশ ৮ গোল খেয়েছে, যার ৬টিই ফ্রিকিক-কর্নারে। বক্সের আশপাশে সেট পিস না দেওয়ার পরিকল্পনা কোনো কাজেই আসেনি। বাংলাদেশ গোলরক্ষক লিটন প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়েই গোল খেয়েছেন। দুই ম্যাচেরই প্রথমার্ধে ৭ গোল!
এ অবস্থার জন্য ঘরোয়া ফুটবল সংস্কৃতিরই দায় দেখছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘বক্সের আশপাশে অহেতুক প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে দেশের মাঠে পার পাওয়া যায়। আমাদের রেফারিরা ফাউল ধরেন না। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে পার পাওয়া অসম্ভব। নিজেদের ওই সব সাধারণ ভুলেই গোল খেয়েছি আমরা।’
এসব ফাউলকে স্কুল দলের ফাউলের সঙ্গে তুলনা করছেন সালাউদ্দিন। অতীত থেকে তুলে আনলেন একটা উদাহরণও। স্বাধীনতার পর জাতীয় দল প্রথম বিদেশ সফরে যায় মালয়েশিয়ায়। মারদেকা কাপে সেবার পেছন থেকে অহেতুক খোঁচা মেরে থাইল্যান্ডকে পেনাল্টি উপহার দেয় বাংলাদেশ। সালাউদ্দিন সেই প্রসঙ্গ টেনে বললেন, ‘রক্ষণকাজটা খুব সতর্কতার সঙ্গে করা উচিত। সেটা আমরা পারিনি।’
তবে চার দলের টুর্নামেন্টে সবার নিচে থাকা বাংলাদেশের জন্য হতাশার। সিরিয়া-উজবেকিস্তান থাকায় প্রথম দুটি স্থানের আশা করেনি স্বাগতিক দল। তবে ভারতের ওপরে তৃতীয় স্থানে থাকার আকাঙ্ক্ষাটা খুবই স্বাভাবিক। সেটা পূরণ না হওয়ায় অতৃপ্ত জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। বাংলাদেশ দলের ড্রেসিংরুমে তাঁকে নেওয়া হয়েছিল প্রথম ম্যাচে। সেটা মনে করিয়ে দিয়ে বললেন, ‘শুরুতেই গোল হজম করায় খেলোয়াড়দের মনোবল ভেঙে পড়ে। এটাও সত্য, সিরিয়া-উজবেকিস্তান অনেক শক্তিশালী। ওদের সঙ্গে আমাদের পার্থক্য অনেক। আমাদের আরও পরিশ্রম করতে হবে।’
কোচ লোডভিক ডি ক্রুইফও তা ভালোই জানেন। এই খেলোয়াড়দের ঘরোয়া ফুটবলে নিয়মিত খেলার সুযোগ চান ডাচ কোচ, ‘ক্লাবের বেঞ্চে বসে থাকা বেশির ভাগই খেলল এই অনূর্ধ্ব-২৩ দলে। ওরা আন্তর্জাতিক স্তরে খেলার জন্য মোটেও তৈরি হতে পারেনি।’
ডি ক্রুইফ বা বাফুফে কি তৈরি? ডাচ কোচ ঢাকা এসেছেন খেলা শুরুর কয়েক দিন আগে। সব টুর্নামেন্টেই এমন হচ্ছে। অনেকে রসিকতা করে বলেন, ‘কোচ তো অল্প কয়েক দিনের জন্য বেড়াতে আসেন!’ দল তাহলে তৈরি হবে কীভাবে? টুর্নামেন্ট ধরে ধরেই তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের দুটি ম্যাচের জন্য ক্রুইফকেই দায়িত্ব দেওয়ার আভাস পাওয়া গেল সালাউদ্দিনের কণ্ঠে, ‘খেলোয়াড়েরা এই কোচকেই চায়।’
বাফুফে সহসভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আজ বসার কথা ডি ক্রুইফের। সেখানে হয়তো ঠিক হবে জুনে খেলা শুরুর কয় দিন আগে আসবেন কোচ। লিগ সম্ভবত আরও দুই দিন পিছিয়ে শুরু হবে ৫ এপ্রিল থেকে। সেই লিগে কি আগামীর ফুটবলাররা সুযোগ পাবেন? এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট এই প্রশ্নটিই তুলেছে নিরুচ্চারে।