দর্শক কমছে লা লিগার, রোনালদো যাওয়ার আগেই

>ইংলিশ লিগের তুলনায় লা লিগার দর্শক এমনিতেই কম। ২০১৭-১৮ মৌসুমে দর্শক হারিয়েছে লা লিগা। ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন সামনের মৌসুমে দর্শক আরও কমিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে
রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ক্লাবটির সমর্থকদের কলিজা কাঁপানোর জন্য এমন একটি খবরই যথেষ্ট। তবে রোনালদো সত্যি রিয়াল ছাড়লে কেবল রিয়াল মাদ্রিদের ভক্তরাই যে হতাশ হবেন এমন নয়, সারা পৃথিবীর লা লিগার দর্শকদের ওপরই ব্যাপারটির প্রভাব পড়বে।
ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত মহারণ রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মধ্যকার অনুষ্ঠিত এল ক্লাসিকো। গত দশ বছরে যার আকর্ষণ বেড়ে হয়েছে কয়েক গুণ। কারণটা অবশ্যই মেসি ও রোনালদো। সময়ের সেরা দুই ফুটবলার যে খেলেন এই দুই দলে। তাঁদের মুখোমুখি লড়াই দেখার সুযোগ হাতছাড়া করতে চায় কে!
কিন্তু একটি পরিসংখ্যান সতর্কবার্তা হিসেবে দেখছে লা লিগা কর্তৃপক্ষ। ২০১৬-১৭ মৌসুমের তুলনায় ২০১৭-১৮ মৌসুমে লা লিগার দর্শকসংখ্যা এমনিতেই কমে গেছে ৩.৩ শতাংশ। মোট ১ কোটি ১৭ লাখ ৩ হাজার ১৪২ জন দর্শক গত মৌসুমে মাঠে গিয়ে লা লিগা দেখেছেন, যা ২০১৬-১৭ মৌসুমের তুলনায় ৩ লাখ ১৮ হাজার জন কম। এটি অবশ্য শুধুই মাঠের হিসাব। কিন্তু সাড়ে ৩ শতাংশের মতো দর্শক উপস্থিতি কম একটি সতর্কবার্তা তো বটেই!
গত মৌসুমে লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার স্টেডিয়ামের দরজা বন্ধ করে খেলা এক ম্যাচেই প্রায় এক লাখ দর্শক হারিয়েছে লা লিগা। এ ছাড়া স্পেনের সবচেয়ে বড় দুই স্টেডিয়াম বার্সেলোনার ন্যু ক্যাম্প ও রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতেও দর্শক কমে যাওয়ার রেকর্ড রয়েছে। ন্যু ক্যাম্পে আগের মৌসুমের তুলনায় গত মৌসুমে ১ লাখ ৮৩ হাজার ১৮ জন দর্শক কমেছে, বার্নাব্যুর ক্ষেত্রে সংখ্যাটা ২ লাখ ৬১ হাজার ৭২ জন।
এই বাস্তবতায় আলোচনায় এসেছে রোনালদোর স্প্যানিশ লিগ ছেড়ে যাওয়ার ব্যাপারটি। রোনালদো চলে গেলে এই লিগের আকর্ষণ ঢের কমে যাবে, সন্দেহ নেই। মেসি একা লড়বেনই–বা কার বিরুদ্ধে। তখন হয়তো শুধু মাঠ নয়, টিভি দর্শকসংখ্যাতেও বড় প্রভাব ফেলবে এটি। তবে লা লিগা ভক্তদের জন্য আশার খবর, নেইমার যদি ফ্রান্সের ফুটবল ছেড়ে এখানে আসেন, তখন ছবিটা আবার অন্য রকম হবে। নেইমার স্পেনের ফুটবলে ফিরবেন কবে, সেটাই প্রশ্ন।