দর্শক-জোয়ারে উজ্জীবিত বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই স্টেডিয়ামমুখী জনতার স্রোত। ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগেই গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই। প্রায় ৩০ হাজার দর্শকের মহামিলন তখনই রূপ নিয়েছে আনন্দ-বিকেলে। বাইরে আরও ২০-২৫ হাজার জনতার ব্যগ্র প্রতীক্ষা। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের আবহটা মনে করিয়ে দিচ্ছিল সিলেট-যশোরের জনজোয়ারের কথাই।
ঢাকার বাইরে ফুটবল এখনো জীবন্ত—এই দর্শক-জোয়ার সেটাই প্রমাণ করছে। শুধু চাই খেলার আয়োজন। খেলা হলে মাঠে লোক আসবেই। রাজশাহীতে ম্যাচের প্রচার-প্রচারণা তেমন হয়নি। তবু এত দর্শক কীভাবে হলো?
উত্তরটা জানাই। এখানকার দর্শকেরা তৈরি। মাইকে প্রচার চালিয়ে আনার প্রয়োজন নেই। একটু খবর পেলে দর্শক এমনিতেই মাঠমুখী হয়। রাজশাহীতে চার বছর ধরে ফুটবল মাঠে নেই। এত দর্শক দেখে নিশ্চয়ই স্থানীয় সংগঠকদের ঘুম ভাঙবে?
বাফুফের কর্মকর্তারা এরই মধ্যে নড়েচড়ে বসেছেন। সিলেট-যশোরের পর রাজশাহীতেও মানুষের ঢল দেখে তাঁদের উপলব্ধি, ঢাকায় দর্শকবিহীন অবস্থায় খেলা আয়োজন করে লাভ নেই। খেলা ছড়িয়ে দিতে হবে ঢাকার বাইরে।
ঢাকা থেকে কাল দুপুরে হেলিকপ্টারে রাজশাহী এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্টেডিয়ামে এসেই উচ্ছ্বাসভরা কণ্ঠে বললেন, ‘এখন থেকে ঢাকার বাইরে আরও খেলা দেব।’ জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী এগিয়ে গেলেন আরেক ধাপ, ‘বাংলাদেশ লিগের সব খেলাই ঢাকার বাইরে নিয়ে আসব। রাজশাহীতেও ভেন্যু হতে পারে। ঢাকায় লোক আসে না, তবু বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভেন্যুটা হয়তো থাকবে। ১০ দলের বাকি ৯টি দলকে ঢাকার বাইরে ভেন্যু নিতে বাধ্য করব। ঢাকার বাইরে ক্লাবগুলোর যাতায়াত ও থাকার খরচ প্রয়োজনে আমি দেব।’
এত দিন বাফুফে এসব বিষয়ে জোর দেয়নি। এখন যেন চোখ খুলেছে। একই সঙ্গে সক্রিয় হচ্ছে জেলাগুলো। তারা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা সঞ্চয় করছে। সিলেট-যশোরের অব্যবস্থাপনা থেকে শিক্ষা নিয়ে রাজশাহীর আয়োজনটা হলো সবচেয়ে গোছানো এবং প্রশংসনীয়। এ সবকিছুই উজ্জীবিত করছে বাফুফেকে।