এলেন, জয় করলেন, কিন্তু দেখতে পারলেন না। লিভারপুলের হয়ে ইয়ুর্গেন ক্লপের লিগ কাপ সেমিফাইনাল মিশনকে এভাবেও বর্ণনা করা যায়। স্টোক সিটির সঙ্গে দুই লেগের সেমিফাইনালটা ১-১ সমতায় থাকায় টাইব্রেকারে হয়েছে মীমাংসা। টাইব্রেকারে জয় পেয়ে ফাইনালে উঠে গেছে লিভারপুল। কিন্তু একটি স্পট কিকও দেখতে পারেননি ক্লপ। কেন? দর্শকদের কথা মাথায় রেখে! অ্যানফিল্ডে একেবারে মাঠের পাশে, ডাগ-আউটের কাছাকাছি কয়েকজন দর্শক নাকি রোমাঞ্চকর টাইব্রেকারটি ক্লপের কারণে দেখতে পারছিলেন না। কারণ, জার্মান কোচ দীর্ঘদেহী। সহজ সমাধান হতো ক্লপ যদি ডাগ-আউটের পাশে হাঁটু গেড়ে বসে পড়তেন। কিন্তু অ্যাকিলিসে চোট পাওয়ায় সেটি করার উপায় ছিল না ৪৮ বছর বয়সী ‘অলরেড’ কোচের। অগত্যা কী আর করা? দর্শকদের দিকে মুখ ফিরিয়ে বসে গেলেন ক্লপ। টাইব্রেকারটাও আর দেখতে পারলেন না। রিপ্লেই ছিল তাঁর ভরসা। মাত্র চার মাসেই কি ‘ক্লাব-অন্তঃপ্রাণ’ হয়ে গেছেন জার্মান কোচ! ইনডিপেনডেন্ট।