
কোচ নেই। আবার আছেও। লিগ শুরুর আগে শফিকুল ইসলাম মানিককে সরিয়ে যোসেফ আপুসিকে আনার কথা বলা হয়েছিল। কিন্তু পাঁচ ম্যাচ শেষেও আপুসি আসেননি। এ অবস্থায় কাল গোলরক্ষক কোচ মোশাররফ বাদলের সঙ্গে যোগ দিলেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারও। এঁদের সম্মিলিত চেষ্টায় দুই ম্যাচ পর জয়ের রাস্তায় ফিরেছে শেখ জামাল। কাল তারা ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকারকে। পাঁচ ম্যাচে দুই জয়, তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন গত দুবারের চ্যাম্পিয়নরা। চার ম্যাচে দুই আবাহনী, মুক্তিযোদ্ধা ও রহমতগঞ্জের পয়েন্ট আট। এক জয়, দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট পাওয়া ফেনী সকার ছয়ে।
ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে কাল ‘শেখ জামাল, শেখ জামাল’ বলে আওয়াজ তুলছিলেন মুক্তাগাছা মহাবিদ্যালয়ের একদল ছাত্র। তাঁদের ভালোই বিনোদন দিয়েছে শেখ জামাল। ম্যাচের তৃতীয় মিনিটেই এল গোল। এনামুল বল দেন এমেকাকে, সেই বল ব্যাক হিলে এনামুলকে আবার দেন এমেকা। এনামুল পোস্টে শট নিতে যাবেন, তার আগেই ফেনী সকারের ফরোয়ার্ড মরো মোহাম্মদের পায়ে লেগে বল জালে। আত্মঘাতী গোল খেল সকার (১-০)।
ওয়েডসন এসে শেখ জামালকে নতুন প্রাণ দিলেন। তবে তাঁর সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারছেন না সতীর্থরা। কাল তাই ওয়েডসন সতীর্থদের ওপর বিরক্ত হচ্ছিলেন বারবার। এর মধ্যেই ৪৯ মিনিটে হলো ২-০। তিন ডিফেন্ডারের ফাঁক গলে জোরালো শটে বল পাঠান জালে এমেকা। ৫২ মিনিটে ডিফেন্ডার কেষ্ট কুমার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শেখ জামাল একটু ভারসাম্য হারিয়ে ফেলে মাঠে।
তবে সুযোগটা নিতে পারেনি আগের ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সকার। দলটির ফরোয়ার্ডরা গোল নষ্ট করার বিলাসিতা দেখিয়েছেন। যেমন ৭২ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও বাইরে মারেন ইকবাল। পরপরই তৃতীয় গোলটি খেল সকার। এমেকার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এই গোলটি এনে দেন ওয়েডসন। ৮৬ মিনিটে সকারের পারভেজ কোনাকুনি শটে ৩-১ করেছেন। জয় নিশ্চিত ভেবেই সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন দলের ফরোয়ার্ড সারোয়ার জামান নিপুকে পেশাদার লিগে কাল অভিষেক ঘটিয়ে দিল শেখ জামাল।
আজকের খেলা: শেখ রাসেল-বিজেএমসি (ময়মনসিংহ, ৪টা)।