দর্শকে মুগ্ধ লি টাক-সানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ইতিহাস সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করেছেন লি টাক। আবাহনী ক্লাবকে ঘিরে সমর্থকদের উন্মাদনা ঢাকায় কমবেশি দেখেছেন। কিন্তু গোপালগঞ্জে এসে দর্শকদের ভালোবাসায় মুগ্ধ আবাহনীর ইংলিশ স্ট্রাইকার। কাল ম্যাচ জয়ের পর ড্রেসিংরুমে দাঁড়িয়ে বলছিলেন, ‘আমি এখানে আসার আগে বঙ্গবন্ধুর ইতিহাস জেনেছি। শেখ কামালের পৈতৃক ভিটা যে এই গোপালগঞ্জ, তাও আমার অজানা নয়। এখানে এসে আবাহনীকে জয়ের আনন্দ দিতে পেরেছি বলেই বেশি খুশি।’
চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে খুশি আবাহনীর কোচ জর্জ কোটানও। পুরো লিগে এখন পর্যন্ত অজেয় যে আবাহনী, এর পেছনেও বড় অবদান অস্ট্রিয়ান কোচের। পেশাদার লিগের পঞ্চম শিরোপার স্বপ্ন এখন থেকেই দেখতে শুরু করেছেন কোচ। মোহামেডানের বিপক্ষে জয়ের পর উচ্ছ্বসিত কোটান বললেন, ‘চমৎকার এক ম্যাচ হয়েছে। আমরা তিন পয়েন্ট পেয়েছি। যদিও প্রথম গোলের জন্য ৪৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আমাদের। আসলে এটাই আমাদের এখন বড় সমস্যা। প্রথমার্ধে তিন-চারটা ভালো সুযোগ পেয়েছিলাম। কাজে লাগাতে পারিনি। তবে ছেলেরা যা খেলেছে, তাতেই আমি সন্তুষ্ট।’
জয়সূচক গোলের নায়ক সানডে সিজোবাও গোপালগঞ্জের দর্শকে মুগ্ধ, ‘আমরা অন্য যেসব জায়গায় খেলেছি, তার চেয়েও এখানে বেশি দর্শক হয়েছে। এমন ভরা মাঠে ভালো খেলতেও উৎসাহ জাগে। আসলে দর্শক সমর্থন করলেও অনেক সময় জয় পাওয়া যায় না। এখানে দর্শকের সমর্থন ও ঈশ্বরের আশীর্বাদেই জিতেছি।’
মর্যাদার লড়াইয়ে হেরে ভীষণ মন খারাপ মোহামেডানের খেলোয়াড়দের। দুটি গোলের জন্যই গোলরক্ষক নেহালকে দুষলেন মিডফিল্ডার মাসকু মিয়া জনি, ‘ওভাবে জুয়েলকে আটকানো মোটেও উচিত হয়নি গোলকিপারের। জুয়েল তখন চাইলেও গোল করতে পারত না। আরও দুজন ডিফেন্ডার ওর সামনে ছিল। আমরা পরের গোলটিও খেয়েছি গোলকিপার জায়গা ছেড়ে অহেতুক বেরিয়ে আসার কারণেই।’